স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা গুটিয়ে এবার নতুন এক চ্যালেঞ্জের মঞ্চে পা রাখলেন মাওরিসিও পচেত্তিনো। যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচের পদ ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব বুঝে নিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। বুধবার তিনি ক্লাবের ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে পৌঁছে সরাসরি কাজে নেমে পড়েন।
হাইতির বিপক্ষে ২-০ গোলের জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ডাগআউট ছাড়েন পচেত্তিনো। এরপরই তিনি ব্রিটেনের উদ্দেশে রওনা দেন এবং ক্যারিংটনে এসেই আগামী রোববার লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের প্রস্তুতি শুরু করেন।
ক্লাবের কর্মীদের সঙ্গে প্রথম পরিচয়ের মুহূর্তে নিজের উচ্ছ্বাস গোপন রাখেননি তিনি। পচেত্তিনো বলেন, ‘এখানে আসতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। এত বড় একটি ক্লাবের অংশ হতে পারা সম্মানের ও সৌভাগ্যের।’
নতুন অধ্যায় শুরুর অপেক্ষা নিয়েও তিনি বেশ সরব ছিলেন। তাঁর ভাষায়, ‘কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি।’
পরে ক্লাবের সমর্থকদের উদ্দেশে পাঠানো এক ভিডিওবার্তায় পচেত্তিনো বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’
ভক্তদের প্রসঙ্গে ইতিবাচক বার্তা দিয়ে এই কোচ যোগ করেন, ‘আপনাদের সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি। আশা করি, একসঙ্গে কাজ করে এবং একে অপরের সঙ্গে যুক্ত থেকে আমরা সবাইকে আনন্দ দিতে পারব।’
মৌসুমের বাকি অংশ নিয়ে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই মৌসুমটি বিশেষ হতে যাচ্ছে। আমাদের খেলোয়াড়দের মাঠে লড়াই করতে এবং প্রত্যাশিত ফল পেতে সমর্থকদের পাশে থাকা প্রয়োজন।’
এর আগে গত শুক্রবার পচেত্তিনোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তার ঠিক এক দিন আগে মাইকেল ক্যারিককে ছাঁটাই করে ক্লাব কর্তৃপক্ষ।
১৯৮৬-৮৭ মৌসুমের পর শীর্ষ লিগে নিজেদের সবচেয়ে করুণ সূচনা দেখেছে রেড ডেভিলসরা। জানা গেছে, সাবেক টটেনহ্যাম ও চেলসি কোচ পচেত্তিনোর সঙ্গে ২০২৮-২৯ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার টিএনটি স্পোর্টস ইউএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৪ বছর বয়সী এই কোচ জানান, ইউনাইটেডকে আবারও ম্যানচেস্টারের শীর্ষ শক্তি হিসেবে দাঁড় করাতে সময় লাগবে।
ওই সাক্ষাৎকারে পচেত্তিনো বলেন, ‘নতুন চ্যালেঞ্জটি অনেক বড়। তবে একই সঙ্গে এটি সেই রোমাঞ্চ, যা আপনি অনুভব করতে চান।’
তবে নতুন যাত্রার শুরুতেই বড় ধরনের অগ্নিপরীক্ষার সামনে পড়তে হচ্ছে তাঁকে। রোববার অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড।