Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

বাবা হলেন এনদ্রিক, সন্তানের নাম রাখলেন কেনদ্রিক

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

ফুটবল মাঠে গোলের উচ্ছ্বাস, আর মাঠের বাইরে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের স্বাদ; একই দিনে দুই আনন্দে ভাসলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে গোল করার দিনেই বাবা হওয়ার সুখবর পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্দার কোলজুড়ে এসেছে তাঁদের প্রথম সন্তান। ছেলের নাম রাখা হয়েছে কেনদ্রিক।

সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের দুর্দান্ত ৭-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এনদ্রিক। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোলেও সহায়তা করেন তিনি। তবে মাঠের এই সাফল্যের বাইরেও দিনটি তাঁর কাছে হয়ে উঠেছে বিশেষ। কারণ, ম্যাচের দিনই জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই তরুণ ফুটবলার।

ম্যাচে পাওয়া নিজের গোলটি স্ত্রী ও নবজাতক সন্তানের উদ্দেশে উৎসর্গ করেন এনদ্রিক। খেলা শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাবা হওয়ার আনন্দের কথা জানান তিনি।

এনদ্রিক বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছে। সে অসাধারণ একটি ছেলে, আমার স্ত্রীও খুব খুশি। এই গোলটি তার ও আমার স্ত্রীর জন্য।’

সন্তান জন্ম দেওয়ার সময় স্ত্রীর কষ্ট ও সাহসিকতার কথাও তুলে ধরেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। গ্যাব্রিয়েলির প্রশংসা করে তিনি বলেন, ‘আমার স্ত্রী খুব শক্ত মনের মানুষ। সন্তান জন্ম দেওয়ার পর তাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি জানি, বিষয়টি সহজ নয়। সে অসাধারণ একজন স্ত্রী।’

এনদ্রিক ও গ্যাব্রিয়েলির পরিচয় ২০২৩ সালে। পরিচয়ের পর সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। পরবর্তী সময়ে ২০২৫ সালের জুলাইয়ে স্পেনের মাদ্রিদে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করেন এই দম্পতি।

বয়সের দিক থেকেও তাঁদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। গ্যাব্রিয়েলির বয়স ২৩ বছর, অন্যদিকে এনদ্রিকের বয়স ২০। অর্থাৎ, স্বামীর চেয়ে তিন বছরের বড় গ্যাব্রিয়েলি।