Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

বাবা কারাগারে, ইউরোপের মাঠে আলো ছড়াচ্ছেন ব্রাজিলের রবিনিও জুনিয়র

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

ফুটবল মাঠে একজন নিজের পরিচয় গড়ার লড়াইয়ে ব্যস্ত, অন্যজন কাটাচ্ছেন কারাগারের দিন। দুজনের মাঝে রক্তের সম্পর্ক থাকলেও জীবনযাত্রার গল্প এখন সম্পূর্ণ আলাদা। ব্রাজিলের সাবেক তারকা রবিনিও যখন ধর্ষণ মামলায় নয় বছরের কারাদণ্ড ভোগ করছেন, তখন তার ছেলে রবিনিও জুনিয়র এগিয়ে চলেছেন ফুটবলে নিজের অবস্থান শক্ত করার লক্ষ্যে। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে আলোচনায় এসেছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

পেরুর বিপক্ষে ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে মাঠে নামেন রবিনিও জুনিয়র। ম্যাচটিতে তার দল ৯-০ গোলের বড় জয় পায়। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করেন তিনি। ৫৬ মিনিটে হেডে প্রথম গোলের পর ৫৮ মিনিটে বাঁ পায়ের শটে জালের দেখা পান তরুণ এই ফুটবলার। অভিষেকেই এমন পারফরম্যান্স তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

বর্তমানে ইতালির ক্লাব জেনোয়ায় ধারে খেলছেন রবিনিও জুনিয়র। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর ব্রাজিলের সান্তোসে জন্ম তার। বাবার পথ অনুসরণ করে মাত্র ১৫ বছর বয়সে সান্তোসের বয়সভিত্তিক দলে যোগ দেন। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নয়টি গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্বও দেখান।

পরের বছর সান্তোসের মূল দলে সুযোগ পান তিনি। বাবার মতো তার জার্সি নম্বরও ছিল সাত। গত এপ্রিলে ক্লাবটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন। তবে মূল দলে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় গত ২ সেপ্টেম্বর এক মৌসুমের জন্য ধারে জেনোয়ায় যোগ দেন এই ফরোয়ার্ড।

জেনোয়ায় যাওয়ার পরও এখন পর্যন্ত তার পথচলা পুরোপুরি মসৃণ নয়। ইতালিয়ান ক্লাবটির হয়ে একটি লিগ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। সেই অভিষেক ম্যাচে গ্যালারির বাইরে থেকেও ছেলের খেলা দেখেছিলেন বাবা রবিনিও। তবে কারাগারে বন্দি থাকায় তাকে খেলা দেখতে হয়েছে সাও পাওলোর কারাগারে বসে।

জাতীয় দলের ক্ষেত্রেও রবিনিও জুনিয়রের সামনে রয়েছে দুটি পথ। তার মা ভিভিয়ান গুজলিয়েলমেত্তির ইতালীয় নাগরিকত্ব থাকায় ইতালির হয়েও খেলার যোগ্যতা রয়েছে তার। ফলে ভবিষ্যতে ব্রাজিল কিংবা ইতালি যেকোনো একটি দেশের জাতীয় দল বেছে নিতে পারবেন এই তরুণ।

পেরুর বিপক্ষে ম্যাচ শেষে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, 'প্রতিটি শিশুরই স্বপ্ন থাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। আমার সামনে দুটি (দেশের) সুযোগ আছে। যেকোনো একটি সাদরে গ্রহণ করব।'

অন্যদিকে, ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচে ২৮ গোল করেছেন রবিনিও। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের মতো বড় ক্লাবে খেলেছেন তিনি। কিন্তু ২০১৩ সালে ইতালির মিলানে সংঘটিত দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তার জীবনে বড় পরিবর্তন আসে। ২০১৭ সালে ইতালির আদালত তাকে নয় বছরের কারাদণ্ড দেন। পরবর্তী সময়ে ব্রাজিলের আদালতও সেই সাজা দেশটিতে কার্যকরের অনুমোদন দেয়। ২০২৪ সালের মার্চ থেকে কারাগারে রয়েছেন সাবেক এই ফুটবলার।