Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট / ফুটবল

ক্রিকেট না ফুটবল বিশ্বকাপ? ২০৩০ সালে সমর্থকদের সামনে কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

২০৩০ সালে ক্রিকেট ও ফুটবল সমর্থকদের জন্য এক অভূতপূর্ব দ্বন্দ্ব তৈরি হতে চলেছে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো প্রায় একই সময়ে মাঠে গড়াবে। টানা ১৮ দিন দুই টুর্নামেন্টের রোমাঞ্চ একসঙ্গে চলবে। ফলে কোটি কোটি দর্শককে বেছে নিতে হবে ক্রিকেট, নাকি ফুটবল।

আরও পড়ুন-২০৩০ শতবর্ষী বিশ্বকাপের ফাইনালের মঞ্চ বসবে কোথায়

আরও পড়ুন-২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি খেলবে যে ৬ দেশ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৮ থেকে ২০৩৫ সালের নতুন বৈশ্বিক সূচিতে ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি শুরু হবে ৪ জুলাই এবং শেষ হবে ৪ আগস্ট। অন্যদিকে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত। স্পেন, পর্তুগাল, মরক্কো ও দক্ষিণ আমেরিকার তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে। ফলে দুই আসরের সূচি অন্তত ১৮ দিন ওভারল্যাপ করবে।

আরও পড়ুন-২০৩০ বিশ্বকাপে খেলবে কত দল? নতুন সিদ্ধান্ত জানাল ফিফা

আরও পড়ুন-২০৩০ বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

সাধারণত দুই বিশ্বকাপের সূচি এড়িয়ে চলা হয়। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে ফিফা বিশ্বকাপের এক বছরের ব্যবধান রাখা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপও আগে শেষ করা হয় ফুটবলের আসর শুরুর আগে। ২০১০, ২০১৪ ও ২০২৬ সালে সেই ধারা বজায় ছিল। কিন্তু ২০৩০ সালে প্রথমবারের মতো বড় ধরনের সূচি-সংঘাত দেখা যাচ্ছে।

আরও পড়ুন-২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

নতুন সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর ম্যাচগুলো চলবে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের সময়। দুই সংস্থা এখনো পূর্ণাঙ্গ ম্যাচসূচি প্রকাশ করেনি। জুলাইয়ের ৪ তারিখ কেন বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে আইসিসি আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে ইউরোপের গ্রীষ্মকালীন আবহাওয়া, এপ্রিল-মে মাসে আইপিএলের ব্যস্ততা এবং আগস্টে ইংল্যান্ডের টেস্ট ও ঘরোয়া মৌসুমের বিষয়গুলো প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২১ জুলাই ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর সংঘাত কেটে যাবে। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই সপ্তাহ নির্বিঘ্নে উপভোগ করা যাবে। ৪ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ক্রিকেটের আসর।