স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
দীর্ঘ ১৮ বছরের পথচলায় চেন্নাই সুপার কিংসকে নিজের ঠিকানা বানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার বদলে যাচ্ছে সেই পরিচিত দৃশ্যপট। ব্যাট হাতে আর মাঠ মাতাবেন না, তবে চেন্নাইয়ের ডাগআউট থেকে দলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব পালন করবেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। ২০২৭ আইপিএল থেকে মেন্টর হিসেবে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ধোনির।
আরও পড়ুন-মুস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আইপিএল খেলোয়াড়ি জীবনের অবসানের ঘোষণা দিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আগামী আইপিএল আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার তালিকা প্রকাশের শেষ দিনে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ক্রিকেটার হিসেবে আর মাঠে না নামলেও দলের সঙ্গে যুক্ত থাকবেন ধোনি। নতুন দায়িত্বে ২০২৭ আইপিএল থেকে মেন্টর হিসেবে কাজ করবেন তিনি।
আরও পড়ুন-যে কারণে ২০২৭ আইপিএলে খেলবেন না ট্রাভিস হেড
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। দীর্ঘ এই সময়ে দলটির সাফল্যের অন্যতম প্রধান কারিগর হয়ে ওঠেন তিনি। তাঁর অধিনায়কত্বে পাঁচবার আইপিএল শিরোপা জয়ের পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফিও জিতেছে চেন্নাই।
ধোনির বিদায় প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, দলের সঙ্গে তাঁর সম্পর্ক কখনোই শেষ হওয়ার নয়। তাঁর ভাষায়, 'ধোনি সবসময়ই আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটিই সবসময় ওর ঘর।'
আরও পড়ুন-আইপিএলে পান্ডিয়ার দলবদল চূড়ান্ত পর্যায়ে, যাচ্ছেন কোথায়?
দীর্ঘদিনের এই সম্পর্কের পেছনে পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন শ্রীনিবাসন। তিনি বলেন, 'মহেন্দ্র সিং ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা সাফল্য, ব্যর্থতা ও সব ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে একসঙ্গে হেঁটেছি ও বেড়ে উঠেছি।'
২০০৮ সালে ধোনিকে চেন্নাইয়ে নেওয়ার সিদ্ধান্তের স্মৃতিও তুলে ধরেন তিনি। শ্রীনিবাসনের মতে, সেটি ছিল তাঁর অন্যতম সেরা সিদ্ধান্ত। ক্রিকেটার হিসেবে ধোনির অর্জনের পাশাপাশি ব্যক্তি হিসেবেও তাঁর প্রতি শ্রদ্ধার কথা জানান তিনি।
চেন্নাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথনের মতে, ধোনির সবচেয়ে বড় অর্জন শুধু ট্রফি জয় নয়, বরং শহরটির মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। তিনি বলেন, 'ও এই শহরকে আপন করে নিয়েছে, আর শহরটিও ওকে নিজেদের একজন হিসেবে বরণ করে নিয়েছে।'
আইপিএলে ধোনির পরিসংখ্যানও তাঁর দীর্ঘ ক্যারিয়ারের সাক্ষী। ২৭৮ ম্যাচে ২৪২ ইনিংস ব্যাট করে ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে করেছেন ৫ হাজার ৪৩৯ রান। রয়েছে ২৪টি অর্ধশতক। চার মেরেছেন ৩৭৫টি এবং ছক্কা হাঁকিয়েছেন ২৬৪টি। সেঞ্চুরি না থাকলেও আইপিএলের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ক্রিকেটার হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন তিনি।