স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
আইপিএলের জমজমাট আসরে ব্যাট হাতে ঝড় তোলা ট্রাভিস হেডকে আগামী মৌসুমে দেখা যাবে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে এবার জাতীয় দলের দায়িত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার এই মারকুটে ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ২০২৭ সালের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি সানরাইজার্স হায়দরাবাদকেও জানিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ক্রিকইনফো।
আরও পড়ুন-মুস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
২০২৭ সালে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। একই বছরে অনুষ্ঠিত হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। গুরুত্বপূর্ণ এসব টুর্নামেন্টের প্রস্তুতি ও খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বিবেচনায় হেডের এই সিদ্ধান্ত।
২০২৪ সালের নিলামে ৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে নেয় সানরাইজার্স। প্রথম মৌসুমেই ১৫ ম্যাচে ৫৬৭ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৯১.৫৫। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ফাইনালে উঠেছিল হায়দরাবাদ।
আরও পড়ুন-আইপিএলে পান্ডিয়ার দলবদল চূড়ান্ত পর্যায়ে, যাচ্ছেন কোথায়?
সানরাইজার্সের হয়ে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ১ হাজার ৩৫১ রান করেছেন হেড। অভিষেক শর্মার সঙ্গে তার উদ্বোধনী জুটি ‘ট্রাভিশেক’ আইপিএলে রীতিমতো আলোড়ন তৈরি করেছে। ৪২ ইনিংসে এই জুটির সংগ্রহ ১ হাজার ৮৯২ রান।
এদিকে আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। হেডের বিদায় চূড়ান্ত হলে তার জন্য বরাদ্দ ১৪ কোটি রুপি নিলামের অর্থভান্ডারে যুক্ত হতে পারে।