Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

অ্যাডিডাসের রাজত্বে ইতি, চ্যাম্পিয়নস লিগের বল নিয়ে আসছে নাইকি

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার মাঠে এবার দেখা যাবে নতুন পরিবর্তন। দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়নস লিগের বল সরবরাহ করে আসা অ্যাডিডাসের জায়গা নিতে যাচ্ছে মার্কিন ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। ২০২৭-২৮ মৌসুম থেকে ইউরোপীয় ফুটবলের শীর্ষ ক্লাব প্রতিযোগিতাগুলোতে অফিসিয়াল বল সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। সোমবার (১৬ নভেম্বর) নতুন এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইউসিথ্রি।

ইউয়েফা ও ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের (ইএফসি) যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউসিথ্রি এবং তাদের এজেন্সি ‘রেলেভেন্ট ফুটবল পার্টনার্স’ গত মার্চে এ বিষয়ে দরপত্র আহ্বান করে। প্রতিযোগিতামূলক সেই প্রক্রিয়ায় জয়ী হয়ে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত চার বছরের জন্য বল সরবরাহের দায়িত্ব পেয়েছে নাইকি।

চুক্তি অনুযায়ী, শুধু চ্যাম্পিয়নস লিগ নয়, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগেও ব্যবহার করা হবে নাইকির তৈরি বল। পাশাপাশি ইউয়েফা সুপার কাপ, ইউয়েফা ইয়ুথ লিগ এবং ইউয়েফা ফুটসাল চ্যাম্পিয়নস লিগের বলও সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো ইউয়েফার পুরুষ ক্লাব পর্যায়ের প্রধান তিনটি প্রতিযোগিতায় একই ব্র্যান্ডের বল ব্যবহৃত হতে যাচ্ছে।

সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্য অনুযায়ী, এই চুক্তির বার্ষিক আর্থিক মূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ফুটবলের বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাওয়া নাইকির জন্য এটি বড় বাণিজ্যিক অর্জন।

নাইকির ফুটবল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার কামিলো আন্দ্রাদে বলেন, দুই দশকের বেশি সময় পর চ্যাম্পিয়নস লিগে ফিরতে পেরে তারা আনন্দিত। খেলোয়াড়দের মতামতকে গুরুত্ব দিয়ে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে প্রতিযোগিতাগুলোর ঐতিহ্য ধরে রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।