Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

মারা গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

ব্রাজিলিয়ান ফুটবলের এক স্বর্ণযুগের প্রতিনিধি চলে গেলেন। ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে পেলের সঙ্গে মিলে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সেই দলের মিডফিল্ডার দিনো সানি রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুঃখজনক খবর নিশ্চিত করেছে। মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি।

মারিও জাগালোর মৃত্যুর পর তিনিই ছিলেন ১৯৫৮ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের জীবিত সদস্যদের মধ্যে সবচেয়ে বয়স্ক। তাঁর প্রয়াণে এখন সেই ঐতিহাসিক দলের মাত্র তিনজন বেঁচে আছেন পেপে, মোয়াসির ও মাজ্জোলা।

১৯৩২ সালের ২৩ মে সাও পাওলোতে জন্ম নেওয়া দিনো সানির পেশাদার জীবন শুরু হয় পালমেইরাসে। পরে সাও পাওলোর হয়ে তিনি ক্লাবের আইকন হয়ে ওঠেন এবং ক্যাম্পিওনাতো পাউলিস্তা শিরোপা জেতেন। সাও পাওলো রাজ্যের বড় ক্লাবগুলোর মধ্যে কেবল সান্তোসের জার্সি পরার সুযোগ হয়নি তাঁর। ক্যারিয়ারের শেষ পর্ব কাটান করিন্থিয়ান্সে।

দেশের বাইরেও সাফল্য এসেছে। আর্জেন্টিনার বোকা জুনিয়র্সে খেলা কয়েকজন ব্রাজিলিয়ানের একজন তিনি। সবচেয়ে উজ্জ্বল অধ্যায় তৈরি হয় ইতালির এসি মিলানে। নিখুঁত পাসিং ও টেকনিকের জোরে ১৯৬১-৬২ মৌসুমে সিরি আ এবং ১৯৬২-৬৩ মৌসুমে ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) জেতান মিলানকে।

১৯৫৮ বিশ্বকাপে তিনি প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন। চোটের কারণে পরের ম্যাচগুলোতে জায়গা হারান জিতোর কাছে। তবুও সেই আসরের স্মৃতি তাঁকে চিরকালের জন্য বাঁধা রেখেছে ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। করিন্থিয়ান্স দিয়ে শুরু করে ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, পালমেইরাস, বোকা জুনিয়র্স, পেনারোল, গ্রেমিও ও ইন্টারন্যাশিওনালের মতো ক্লাব সামলেছেন। ইন্টারন্যাশিওনালে চারবার রাজ্য চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি ফ্যালকাও ও কারপেজিয়ানির মতো তারকাদের গড়ে তোলেন।

সিবিএফ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছে, দিনো সানি ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এক চিরস্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।