স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবে তাঁর পুনর্নিয়োগ নিশ্চিত হয়েছে। নতুন মেয়াদে ২০২৯ সাল পর্যন্ত তিনি সংস্থাটির নেতৃত্ব দেবেন।
২০২৪ সালের ২৭ আগস্ট প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। সেই বছরের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন তিনি। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়ে মাত্র ৩৬ বছর বয়সে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়েছিলেন এই ভারতীয় প্রশাসক। তিনি বিসিসিআইয়ের সাবেক সচিব এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র।
পুনর্নিয়োগের পর জয় শাহ বলেছেন, “আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি সম্মানিত। পরিচালকদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। ক্রিকেটের বৈশ্বিক স্বার্থ এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করে যাব।” তিনি আরও জানিয়েছেন, ক্রিকেট এখন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শক ও প্রজন্মের কাছে খেলাটিকে পরিচিত করার বড় সুযোগ তৈরি করেছে।
জয় শাহের লক্ষ্য ভক্ত, খেলোয়াড় ও বাণিজ্যিক অংশীদারদের গুরুত্ব দিয়ে ক্রিকেটের টেকসই ভবিষ্যৎ গড়া। তিনি মনে করেন, ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি মানুষকে একত্র করা।
নির্বাচনের পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান রিচার্ড থম্পসন, আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ, সহ-সভাপতি তাভেঙ্গওয়া মুখুলানি, নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টুজ এবং সহযোগী সদস্যদের চেয়ারম্যান গুরুমূর্তি পালানি তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের বক্তব্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি আরও শক্তিশালী করা, নারী ক্রিকেটের উন্নয়ন, আফ্রিকা মহাদেশে ক্রিকেটের প্রসার এবং সহযোগী দেশগুলোর সুযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।