স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ এএম
ব্রাজিলের হয়ে ইতিহাস গড়ে আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন অনেক আগেই, বেড়েছে বয়স, চেহারাতেও তার ছাপ স্পষ্ট। তবে ৪৬ বছর বয়সে এসে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে রোববার পেশাদার ফুটবলে জয় দিয়ে প্রত্যাবর্তন করলেন কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় স্তরের (সিরি সি) ক্লাব রাভেনার জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি, যে ক্লাবটি একদিন সিরি আ-তে খেলার স্বপ্ন দেখছে।
২০২৪ সাল থেকে ক্লাবটির মালিকানায় থাকা ইতালীয়-আমেরিকান ব্যবসায়ী ইগনাজিও সিপ্রিয়ানির প্রচারণামূলক কৌশলের কেন্দ্রবিন্দু হিসেবে নিজের ভূমিকাটি নিখুঁতভাবেই পালন করেছেন রোনালদিনহো।
২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে খেলার পর প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নেমে ৪৬ বছর বয়সি এই মহাতারকা খুব সাদামাটা পারফরম্যান্সই উপহার দিয়েছেন। ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের কাছে দর্শকঠাসা স্তাদিও ব্রুনো বেনেলিতে সিরি বি-তে ওঠার লড়াইয়ে থাকা রাভেনা ২-০ গোলে হারিয়েছে তাদের স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলিকে।
বার্সেলোনা ও ব্রাজিলের সোনালি দিনগুলোতে গতিময় ড্রিবলিং আর অবিশ্বাস্য বল কন্ট্রোলের জন্য পরিচিত রোনালদিনহো এদিন মূলত মাঠজুড়ে হেঁটে হেঁটেই খেলেছেন এবং সতীর্থদের সহজ কিছু পাস দিয়েছেন।
মাঠ ছাড়ার সময় রোনালদিনহো বলেন, "এত তরুণ ফুটবলারদের দেখতে পাওয়াটা দারুণ ছিল, যাঁরা আমার খেলা দেখে বড় হয়েছে এবং আজ আমার পাশেই মাঠে নামার সুযোগ পেয়েছে।"
রোনালদিনহোর আগমন রাভেনাকে এমন এক পরিচিতি এনে দিয়েছে যা আগে কখনো কল্পনাও করা যেত না। বেনেলি স্টেডিয়ামে সাংবাদিক ও আলোকচিত্রীদের উপচে পড়া ভিড় দেখে ক্লাব মালিক সিপ্রিয়ানি নিঃসন্দেহে দারুণ খুশি হয়েছেন।
২০০৫ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকা কেবল প্রথমার্ধেই খেলেছেন, তবে ৩৬তম মিনিটে জুলিও দোনাতির জোরালো শটে স্বাগতিক রাভেনাকে এগিয়ে দেওয়ার আক্রমণটির সাথে তিনি যুক্ত ছিলেন।
রোনালদিনহোকে বরণ করে নিতে স্টেডিয়ামে ছিল রাজকীয় আয়োজন। ৫ হাজার দর্শক ধারণক্ষমতার বেনেলি স্টেডিয়ামে এই উপলক্ষে ১ হাজার ৮০০ আসনের একটি অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়, যার নাম দেওয়া হয়েছিল ‘আর১০’। গ্যালারিতে আতশবাজি ও স্মোক বোমা ফাটানোর পাশাপাশি স্টেডিয়ামের লাউডস্পিকারে বাজানো হয় আন্দ্রেয়া বোচেল্লির বিখ্যাত গান ‘কন তে পার্তিরো’।
প্রথমার্ধ শেষেই মাঠ ছাড়েন তিনি, তবে তার আগে সতীর্থ ও ম্যাচ অফিশিয়ালদের সাথে হাত মেলান এবং অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
এই এক ম্যাচের প্রদর্শনীর আগে দলের সাথে মাত্র একটি অনুশীলন সেশনে অংশ নেওয়া রোনালদিনহো রাভেনার হয়ে আবার খেলবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাওনি। ক্লাবের ভাবমূর্তি গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে সিপ্রিয়ানি গত জুনে রোনালদিনহোকে সই করানোর ঘোষণা দিয়েছিলেন এবং আগস্টের শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তবে রোববারের ম্যাচের মাত্র কয়েক দিন আগে তাঁর ইতালিতে পৌঁছানো ইঙ্গিত দেয় যে তিনি দীর্ঘ মেয়াদে খেলার প্রতিশ্রুতি দেননি।
আবার খেলবেন কি না জানতে চাইলে রোনালদিনহো বলেন, "আমি এখনো জানি না।" তিনি আরও যোগ করেন, "বিষয়টি এখন প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে: তিনি ডাকলে আমি আবার ফিরে আসব।"
উল্লেখ্য, ২০০৮ সালের পর থেকে সিরি বি-তে না খেলা রাভেনা বর্তমানে সিরি সি-এর আঞ্চলিক গ্রুপে শীর্ষে থাকা স্পেৎসিয়ার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তিনটি গ্রুপের প্রতিটির চ্যাম্পিয়ন দল সরাসরি সিরি বি-তে উন্নীত হবে এবং দ্বিতীয় স্তরের চূড়ান্ত স্থানটি নির্ধারিত হবে প্লে-অফের মাধ্যমে।