স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ এএম
গত তিনটি আসরের ধারাবাহিকতা ভেঙে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে 'সুপার সিক্স' পর্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের (২০২৭) ফেব্রুয়ারি-মার্চে ১০টি দল নিয়ে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
বাছাইপর্বের আগের আসরগুলোতে ১০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলার পর সুপার সিক্স পর্বে অংশ নিত। সেখানে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হতো এবং শীর্ষ দুটি দল মূল বিশ্বকাপে জায়গা করে নিত। তবে আগামী বছরের বাছাইপর্বে সুপার সিক্স না থাকায় ম্যাচ সংখ্যা কমে দাঁড়াবে মাত্র ২৩টিতে। রোববার বালিতে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে আইসিসি জানিয়েছে, ১০টি দল পাঁচটি করে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এবং প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেবে।
জুলাইয়ে আইসিসি বোর্ডের অনুমোদিত ১৪ দলের ২০২৭ বিশ্বকাপের নতুন কাঠামো অনুযায়ী, বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলো বিশ্বকাপের প্রথম রাউন্ড অর্থাৎ 'সুপার সিরিজে' অংশ নেবে, যেখান থেকে শীর্ষ দলটি মূল আসরে খেলার সুযোগ পাবে।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড এবং আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ থেকে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও ওমান ইতিমধ্যেই বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী মাসে নেপালে অনুষ্ঠিতব্য বাছাইপর্বের প্লে-অফের মাধ্যমে। লিগ-২-এর তলানিতে থাকা চারটি দল এবং চ্যালেঞ্জ লিগের (ক্রিকেটের তৃতীয় বিভাগ) চারটি দল নিয়ে এই প্লে-অফ অনুষ্ঠিত হবে।
২০২৮ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপ্রক্রিয়াও বিস্তারিতভাবে প্রকাশ করেছে আইসিসি। মূল আসরের এই বাছাইপর্বে ১৬টি দল চারটি করে চার গ্রুপে বিভক্ত হয়ে মোট ৩১টি ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের ১৬টি দলের মধ্যে ৮টি দল সরাসরি ২০২৮ সালের মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নিচে আটটি দলের উত্তরণের প্রক্রিয়া তুলে ধরা হলো:
সেমিফাইনালিস্ট: চার সেমিফাইনালিস্ট দলই স্বয়ংক্রিয়ভাবে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
আঞ্চলিক প্রতিনিধিত্ব: পাঁচটি অঞ্চল- আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব-এশিয়া প্যাসিফিক এবং ইউরোপ থেকে সর্বোচ্চ অবস্থানকারী দলগুলো নিচের শর্তসাপেক্ষে মূল পর্বে যাবে:
কোনো অঞ্চলের শীর্ষ দল বাছাইপর্বের সেরা আটে থাকলে তারা সরাসরি মূল পর্বে চলে যাবে।
কোনো অঞ্চলের শীর্ষ দল নবম থেকে দ্বাদশ স্থানের মধ্যে (নিজেদের গ্রুপে তৃতীয়) থাকলে, তারা সেরা আটে থাকা এমন সর্বনিম্ন র্যাঙ্কধারী দলের জায়গা নেবে যারা কোনো অঞ্চলের শীর্ষ দল নয়।
বাকি স্থানসমূহ: অবশিষ্ট জায়গাগুলো গ্রুপ পর্বের পারফরম্যান্স, পয়েন্ট, জয় এবং নেট রান রেটের (এনআরআর) ভিত্তিতে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া শীর্ষ র্যাঙ্কধারী দলগুলোর দখলে যাবে।
তবে নিজ নিজ গ্রুপের তলানিতে থাকা দলগুলো পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্য বলে বিবেচিত হবে না।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ বাছাইপর্ব
২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যেই সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ১০টি দল। অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান।
বাকি দুটি স্থান নির্ধারিত হবে ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ২০২৮ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ২০২৮ আসরে সরাসরি জায়গা করতে না পারা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড সরাসরি এই গ্লোবাল কোয়ালিফায়ারে খেলবে।
তাদের সাথে যোগ দেবে ২০২৭ সালে অনুষ্ঠিতব্য পাঁচটি আঞ্চলিক বাছাইপর্ব থেকে উঠে আসা আটটি দল। গ্লোবাল কোয়ালিফায়ারের শীর্ষ দুটি দল ২০২৮ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত টিকিট নিশ্চিত করবে।