স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
পুরনো 'স্যান্ডপেপারগেট' (বল বিকৃতি) বিতর্ক নিয়ে নতুন করে উত্তাল ক্রিকেট অস্ট্রেলিয়া। এ নিয়ে সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তাঁর মতে, বল নিয়ে কোনো কিছু করা হলে অভিজ্ঞ বোলাররা তা সবসময়ই বুঝতে পারেন। তিনি আরও যোগ করেন, বলে কোনো বাহ্যিক বস্তু ব্যবহার করা হলে বোলাররা তা তাৎক্ষণিকভাবেই ধরে ফেলতে পারবেন, কারণ 'স্যান্ডপেপারের আঁচড়' সম্পূর্ণ আলাদা রকমের হয়।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ৬৮ মিনিট দীর্ঘ সংবাদ সম্মেলনের এক দিন পর ৬০ বছর বয়সি আকরামের এই মন্তব্য সামনে এলো। ওই সংবাদ সম্মেলনে উসমান খাজার করা সমস্ত দাবি নাকচ করে দিয়ে কামিন্স বলেছিলেন, স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃত করার কোনো পরিকল্পনার কথা তাঁর জানা ছিল না।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচিত আকরাম অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক কামিন্সকে নিজের 'ঘনিষ্ঠ বন্ধু' হিসেবে অভিহিত করেছেন। তিনি কামিন্সের দাবিকে সরাসরি নাকচ না করলেও এ বিষয়ে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক ভিডিও বার্তায় আকরাম বলেন, "আমি প্যাট কামিন্সকে দেখেছি, যে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, একজন অসাধারণ ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটের শীর্ষ নেতাদের একজন, যেভাবে সে সামনে থেকে দলকে নেতৃত্ব দেয় এবং সে বলেছে যে সে জানত না।"
তিনি আরও বলেন, "এটি আমার ব্যক্তিগত মতামত, যা সঠিক বা ভুল হতে পারে। কিন্তু একজন বোলার হিসেবে ক্রিকেট বল যখন আমার হাতে আসে, তা পঞ্চম ওভারে হোক, দশম ওভারে হোক কিংবা ৫০তম ওভারে পুরোনো বল হোক- যেখানে আপনি বলের যত্ন নেন, শুষ্ক দিনে বা শুষ্ক উইকেটে বলের এক পাশ চকচকে রাখেন, ওয়ান-বাউন্সে থ্রো করেন যাতে বলে সামান্য আঁচড় লাগে; কিন্তু স্যান্ডপেপারের আঁচড় ওয়ান-বাউন্সের আঁচড়ের চেয়ে সম্পূর্ণ আলাদা।"
১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের এই সদস্য স্পষ্ট জানিয়েছেন যে তিনি কারও পক্ষ নিচ্ছেন না, বরং বিষয়টি যেভাবে দেখেন ঠিক সেভাবেই বর্ণনা করছেন।
আকরাম বলেন, "একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আপনি যদি পরীক্ষা করতে চান, তবে একটি আধা-নতুন ক্রিকেট বল ও স্যান্ডপেপার নিয়ে ঘষে দেখুন; আপনি বুঝতে পারবেন এর আঁচড়গুলো পুরোপুরি ভিন্ন। আবারও বলছি, আমি কারও পক্ষ নিচ্ছি না। অস্ট্রেলীয়রা মাঠের ভেতরে ও বাইরে তাদের স্পষ্টবাদিতা, কঠোরতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সততার জন্য পরিচিত ও বিখ্যাত।"
তিনি যোগ করেন, "পুরো জাতি মানসিক চাপের মধ্যে রয়েছে। আট বছর আগে ঘটেছিল এবং এখন আবার ফিরে এসেছে। আশা করি বিষয়গুলো মিটমাট হয়ে যাবে। একজন বোলার হিসেবে এটি আমার দৃষ্টিভঙ্গি। একজন অভিজ্ঞ বোলার হিসেবে আমি যখন বলের দিকে তাকাব, তখনই সরাসরি বুঝে যাব যে কোনো কিছু ঠিক নেই।"
উল্লেখ্য, ২০১৮ সালে বল বিকৃতির দায়ে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফট দোষী সাব্যস্ত হন এবং ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁদের শাস্তি দেয়। পরবর্তীতে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বোলিং গ্রুপ- মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স এবং নাথান লায়ন, মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কোনো কিছু জানার কথা অস্বীকার করে বলেছিলেন, টিভি ক্যামেরায় দৃশ্যগুলো দেখানোর পরই কেবল তাঁরা বিষয়টি জানতে পারেন।
চলতি বছরের শুরুতে উসমান খাজার আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর এই বিতর্ক নতুন করে গতি পায়, যেখানে তিনি দাবি করেছেন যে পুরো দলই এই পরিকল্পনার বিষয়ে অবগত ছিল। খাজার এই দাবি কামিন্স ও স্টার্ক উভয়ই অস্বীকার করলেও সাবেক অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার খাজাকে সমর্থন জানিয়েছেন।