Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

দক্ষিণ আফ্রিকায় ব্যাটারদের কাছে বড় ইনিংস চান অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

রোববার থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পুরো ব্যাটিং ইউনিটের কাছ থেকে দায়িত্বশীল পারফরম্যান্স প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জোহানেসবার্গে প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের বোলিং আক্রমণের ওপর পূর্ণ আস্থা রাখলেও ব্যাটারদের লম্বা ইনিংস খেলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

শান্ত বলেন, "পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে যারা উইকেটে সেট হবেন, তাঁদের অবশ্যই লম্বা ইনিংস খেলতে হবে- সেটা তানজিদ (হাসান) হোক বা অন্য যে কেউ। ব্যাটিং সবসময়ই চ্যালেঞ্জিং। আমরা যদি প্রথম ইনিংসে বড় একটি সংগ্রহ দাঁড় করাতে পারি, তবে আমাদের বোলিং আক্রমণ যথাযথভাবে লড়াই করতে পারবে। সুখবর হলো দলের সবাই মানসিকভাবে ভালো অবস্থায় আছে।"

ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে প্রায় নিখুঁত পারফরম্যান্সের পর ম্যাকাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে মাত্র ৬৪ ও ৯৫ রানে অলআউট হয়ে বিধ্বস্ত হয় টাইগাররা। এরপর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কিছুটা ভালো করলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যাটিং ধসে ১-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

অতীতের ব্যর্থতা পেছনে ফেলে সামনে তাকানোর কথা জানিয়ে শান্ত বলেন, "এটা সত্যি যে গত দুটি ম্যাচে আমাদের সময়টা ভালো যায়নি। আমরা মনে করি যা ঘটেছে তা ভুলে গিয়ে সামনে কী করতে পারি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমরা ভিন্ন কন্ডিশনের মুখোমুখি হচ্ছি, তবে কোথায় উন্নতি করা যায় তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা যদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি এবং নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তবে এই ম্যাচে ভালো করতে পারব।"

ব্যাটিং দুর্বলতা কাটাতে সাধারণত একজন বাড়তি ব্যাটার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টের একাদশ নিয়েও তেমন ইঙ্গিত দিয়ে শান্ত জানান, তাঁরা চার বোলারের আক্রমণ নিয়ে ভাবছেন। তিনি বলেন, "আমার মনে হয় এ ধরনের কন্ডিশনে আমরা মাঝেমধ্যে বাড়তি ব্যাটারের কথা ভাবি, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। বাড়তি স্পিনার নাকি বাড়তি ব্যাটার নিয়ে খেলব, তা নিয়ে আমরা এখনো মাঝামাঝি অবস্থানে আছি। সম্ভবত আগামীকাল উইকেট দেখে সিদ্ধান্ত নেব।"

একাদশের বোলিং কম্বিনেশন সম্পর্কে ধারণা দিয়ে বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, "আমি এতটুকু বলতে পারি যে আমাদের তিনজন পেসার থাকবে। আপনারা নিশ্চিতভাবেই একজন স্পিনারকে দেখতে পাবেন। বিশেষ করে (মেহেদী হাসান) মিরাজ অস্ট্রেলিয়ায় ভালো করেছে। আমরা এই কম্বিনেশন নিয়ে এগোতে পারি। তবে আমরা বিষয়টি নিয়ে আরও একদিন ভাবব এবং ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব।"