Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

টেস্টের মাঝপথে পদত্যাগের ঘোষণা প্রধান কোচের

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আজ খেলতে নামবে দুই দল। এরই মাঝেই জিম্বাবুয়ের কোচের পদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলটির প্রধান কোচ জাস্টিন স্যামন্স। 

২০২৪ সালে জিম্বাবুয়ে দলের দায়িত্ব নিয়েছিলেন স্যামন্স। এরপর দলটির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০২৮ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে জিম্বাবুয়ের। কিন্তু দক্ষিণ আফ্রিকায় নিজের পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্যই পদত্যাগ করছেন তিনি। 

স্যামন্সের অধীনে জিম্বাবুয়ে তিনটি টেস্ট ম্যাচ জিতেছে। এর মধ্যে ২০২৫ সালের এপ্রিলে সিলেটে বাংলাদেশের বিপক্ষে জয়টি ছিল ২০২১ সালের পর বিদেশের মাটিতে তাদের প্রথম টেস্ট জয়। এ ছাড়া ঘরের মাঠে নিজেদের সর্বশেষ দুটি ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে টানা ইনিংস ব্যবধানে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া জিম্বাবুয়ে চলতি বছরের বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সেরা অষ্টম স্থানে থেকে আসর শেষ করে। ওই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওমানের বিপক্ষে স্মরণীয় জয়ে গ্রুপ ‘বি’-তে অপরাজিত ছিল দলটি।

স্যামন্সের বিদায় প্রসঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, "জাস্টিনের পদত্যাগপত্র গ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল, তবে পরিবারের সাথে থাকার জন্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তকে আমরা বুঝতে পারি এবং সম্মান জানাই। জাস্টিন আমাদের খেলোয়াড়দের উন্নতিতে কঠোর পরিশ্রম করেছেন এবং তাঁর নেতৃত্বে দলের অগ্রগতি কিছু স্মরণীয় টেস্ট জয় ও টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের লড়াকু পারফরম্যান্সেই স্পষ্ট। জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে তাঁর নিবেদনের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই এবং তাঁর ও তাঁর পরিবারের জন্য শুভকামনা রইল।"

জিম্বাবুয়ের দায়িত্ব নেওয়ার আগে স্যামন্স দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি ঘরোয়া দলের সাথে কাজ করেছেন এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকার হাই-পারফরম্যান্স ইউনিটের অংশ ছিলেন। পাশাপাশি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

নিজের বিদায়ী বার্তায় স্যামন্স বলেন, "জিম্বাবুয়ে পুরুষ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া ছিল এক অসাধারণ অভিজ্ঞতা, যা আমি সবসময় দারুণ সব স্মৃতি হিসেবে মনে রাখব। এই দলের সাথে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাব। সেই সাথে প্রশাসন থেকে শুরু করে মাঠকর্মী- জিম্বাবুয়ে ক্রিকেটের সাথে যুক্ত প্রত্যেকেই দলকে এগিয়ে নিতে নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন।"