স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ (শনিবার) ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে কড়া চ্যালেঞ্জের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ টমাস ডুলি। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠলেও পাকিস্তানকে অনেক বেশি শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে ইউরোপের বিভিন্ন লিগ থেকে নতুন কয়েকজন ফুটবলার পাকিস্তানের স্কোয়াডে যোগ দেওয়ায় ম্যাচটি অত্যন্ত কঠিন হবে বলে মনে করেন ডুলি।
শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডুলি বলেন, "পাকিস্তান সম্ভবত খেলার জন্য সবচেয়ে কঠিন দল। তারা অত্যন্ত শক্তিশালী। দেশের বাইরে থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের দারুণ ফুটবল জ্ঞান রয়েছে, কারণ তারা ইউরোপের উচ্চ পর্যায়ে খেলে। তাই তাদের বিপক্ষে ম্যাচটি খুবই কঠিন হবে।"
দলের খেলোয়াড়দের নিজেদের সেরা ফর্ম ধরে রাখার আহ্বান জানিয়ে কোচ বলেন, দলকে মাঠে পূর্ণ নিবেদন ও জয়ের ক্ষুধা দেখাতে হবে। তিনি যোগ করেন, "আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে আমরা ভালো ফুটবল খেলতে পারি, লড়াই করতে পারি এবং তা আমরা সমর্থকদের জন্যই করি। আমরা তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তাদের হালকাভাবে নিচ্ছি না। এটি একটি কঠিন লড়াই হবে, তবে আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব।"
এদিকে, চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডিফেন্ডার সাদ উদ্দিনকে পাচ্ছে না বাংলাদেশ। সাদকে মিস করার কথা স্বীকার করলেও তাঁর বিকল্প খেলোয়াড়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে ডুলির। তিনি বলেন, "সাদ এমন একজন খেলোয়াড় যে মাঠে এবং অনুশীলনেও প্রতি মুহূর্তে ১০০ শতাংশ উজাড় করে দেয়। সে ডান প্রান্তে যেমন শক্তিশালী ডিফেন্ডার, তেমনি আক্রমণাত্মক মানসিকতারও। নিশ্চিতভাবেই আগামীকাল তাকে আমরা মিস করব।"
তবে পাকিস্তানের আক্রমণভাগের শক্তির বিপরীতে নিজেদের রক্ষণভাগ নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম না করার পরিসংখ্যানের কথা উল্লেখ করে ডুলি বলেন, "আমাদের রক্ষণভাগ বেশ শক্তিশালী। এখন পর্যন্ত কেউ আমাদের বিপক্ষে গোল করতে পারেনি। এর মানে হলো আমরা ম্যাচ যত এগোচ্ছে ততই শক্তিশালী হয়ে উঠছি। মাঠে আমাদের চেয়ে বেশি জয়ী হতে চায়-এমন কেউ নেই।"