স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ সেমিফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর হুমকিকে পাত্তাই দিলেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। তাঁর মতে, হামজাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই, বরং ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে মাঠে নামা নিয়েই তিনি বেশি আগ্রহী।
আগামীকাল শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। টুর্নামেন্টের শুরু থেকেই হামজা চৌধুরীকে কেন্দ্র করে সমর্থকদের মাঝে বাড়তি উন্মাদনা দেখা গেলেও পাক গোলরক্ষক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো একক খেলোয়াড়কে নিয়ে তারা ভাবছেন না।
শুক্রবার পাকিস্তানের অনুশীলনের ফাঁকে ইউসুফ বাট সংবাদমাধ্যমকে বলেন, "আমি হামজাকে নিয়ে কিছু ভাবছি না। আমি আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা নিয়ে বেশি আগ্রহী।"
যদিও বাংলাদেশের খেলোয়াড়দের মানের প্রশংসা করেছেন বাট, তবে একই সাথে নিজের দলের শক্তির ওপরও পূর্ণ আস্থা প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমাদের দলে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবি ও আবদুল আরশাদের মতো দারুণ খেলোয়াড়েরা আছে। প্রতিপক্ষ দলে যেমন ভালো মানের খেলোয়াড় আছে, আমি নিশ্চিত করে পারি আমাদের দলেও সেরকম দুর্দান্ত ফুটবলার রয়েছে।"
ফিফা উইন্ডোতে দলে যোগ দেওয়া অতিরিক্ত পাঁচজন খেলোয়াড় পাকিস্তানের প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে বলে জানান তিনি। তবে কোনো ব্যক্তিগত পারফরম্যান্স নয়, বরং দলের সম্মিলিত প্রচেষ্টার ওপরই সাফল্যের চাবিকাঠি নির্ভর করছে বলে মত দেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
টুর্নামেন্টের শুরুটা ভারতের বিপক্ষে হারে শুরু করায় ভারতের মুখোমুখি হওয়ার আক্ষেপও ঝরেছে বাটের কণ্ঠে। তিনি জানান, টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আবারও খেলার সুযোগ চান তারা।
বাট বলেন, "আমি সত্যিই ভারতের বিপক্ষে আবার খেলতে চাই, কারণ আমাদের আগের ম্যাচটি খুবই, খুবই, খুবই খারাপ হয়েছিল। গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটিকে আমাদের সবচেয়ে খারাপ ম্যাচ বলা চলে।"
তবে ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে যে বাংলাদেশ বাধা হিসেবে দাঁড়িয়ে আছে, সেটিও স্বীকার করেছেন তিনি। বাট আরও যোগ করেন, "আমি আশা করি ফাইনালে আমরা তাদের (ভারত) বিপক্ষে খেলব, তবে এক ম্যাচ এক ম্যাচ করে এগোতে হবে। এখন আমাদের মনোযোগ শুধু বাংলাদেশকে নিয়ে।"
সাফ চ্যাম্পিয়নশিপকে পাকিস্তানের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ও বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করে ইউসুফ বাট বলেন, "আমি আশা করি আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার পুরো পথ পাড়ি দিয়ে শিরোপা জিততে পারব।"