স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
প্রাগে শুক্রবার উয়েফা নেশনস লিগের ম্যাচে দশ জনের চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড টানা ৪৪ ম্যাচে নিয়ে গেল স্পেন। প্রথমার্ধে পেনাল্টি থেকে অ্যালেক্স বায়েনার গোলের পর ম্যাচের শেষ দিকে মার্ক পুবিলের গোলে প্রতিযোগিতায় টানা পঞ্চম জয় নিশ্চিত করে স্প্যানিশরা।
আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা স্পেন আগামী সোমবার মাদ্রিদে গ্রুপ ‘এ৩’-এর শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচে চোটের কারণে লামিন ইয়ামাল, দানি ওলমো, রদ্রি ও এরিক গার্সিয়ার মতো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই দল সাজাতে হয়েছিল কোচ লুইস দে লা ফুয়েন্তেকে। এছাড়া ফ্লু-এর কারণে ম্যাচটি মিস করেন মিকেল ওয়ারজাবালও।
ম্যাচের শুরুটা ধীরগতির হলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় স্পেন। ৩৯তম মিনিটে বক্সের ভেতর লুকাস অ্যামব্রোসের হ্যান্ডবল ভিএআর এ ধরা পড়লে পেনাল্টি পায় সফরকারীরা। স্পট কিক থেকে জোরালো শটে গোলরক্ষক মাতেজ কোভারকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন বায়েনা; কোভার বলের নাগাল পেলেও তা জালে জড়ানো আটকাতে পারেননি।
বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন ফ্যাবিয়ান রুইজ, তবে তাঁর বাঁকানো শট পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইয়েরেমি পিনো বল জালে জড়ালেও অফসাইডের কারণে ভিএআর-এ তা বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে স্বাগতিক চেক প্রজাতন্ত্র আক্রমণের ধার বাড়ায়। অ্যাডাম হ্লোজেকের একটি হেড ক্রসবারের ওপরের অংশে লাগলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় তাদের। তবে ৬৯তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা; পাল্টা আক্রমণের সময় রবার্তো ফার্নান্দেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।
এরপর আক্রমণের চাপ অব্যাহত রাখলেও চেক গোলরক্ষক কোভারের একাধিক দুর্দান্ত সেভে ম্যাচে টিকে ছিল স্বাগতিকরা। তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে নিচু শটে কোভারকে পরাস্ত করে স্পেনের ২-০ গোলের জয় নিশ্চিত করেন মার্ক পুবিল।
এই জয়ে নেশনস লিগে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখল স্পেন। অন্যদিকে, টানা পঞ্চম পরাজয়ের স্বাদ পাওয়া চেক প্রজাতন্ত্রকে অবনমন (রেলিগেশন) এড়ানোর সুযোগ টিকিয়ে রাখতে গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততেই হবে।