Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

বল টেম্পারিং নিয়ে খাজার দাবির জবাব দিলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালের কেপ টাউন টেস্টের বল টেম্পারিং বিতর্ক নিয়ে উসমান খাজা যে দাবি তুলেছেন, তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মাঠে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনার বিষয়ে দলীয় কারোরই কোনো ধারণাই ছিল না।

সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনীতে উসমান খাজা এই বিতর্ককে উসকে দিয়ে দাবি করেছেন যে, অস্ট্রেলীয় ক্রিকেটাররা পুরো পরিকল্পনা সম্পর্কে জানতেন।

শুক্রবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ উড়িয়ে দিয়ে কামিন্স বলেন, "যখন সে বলে যে আমরা সবাই জানতাম, তার মানে যদি এই দাঁড়ায় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়া হচ্ছে তা আমরা জানতাম- তবে সে ১০০ শতাংশ ভুল। গত আট বছর ধরে আমি যা বলে আসছি, আজও তাই বলছি: ওই ঘটনা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।"

খাজা তাঁর বইয়ে কামিন্সসহ অন্যান্যদের স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের ‘পরিকল্পনাকারী’ হিসেবে উল্লেখ করেছেন। এই দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন’ বলে অভিহিত করেছেন অজি অধিনায়ক। একই সাথে দীর্ঘদিনের সতীর্থ উসমান খাজা এমন ঘটনায় ব্যক্তিগত জীবন ও সুনামকে হেয় করায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।

কামিন্স বলেন, "উসমান আমার বন্ধু, কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সুনাম নিয়ে অমনোযোগী হয় না। তাঁর বইয়ে তিনি আমার জীবন, আরও অনেকের জীবন এবং আমার মনে হয় সামগ্রিকভাবে অস্ট্রেলীয় ক্রিকেটকে বিপদের মুখে ফেলে দিয়েছেন।"

খাজার নিজের গল্প বলার অধিকারকে সম্মান জানানোর কথা বললেও, খেলোয়াড়দের নিজেদের কথার দায় নিজেদেরই নেওয়া উচিত বলে মন্তব্য করেন কামিন্স।

উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ক্যামেরুন ব্যানক্রফটকে বলের আকৃতি পরিবর্তনের উদ্দেশ্যে স্যান্ডপেপার ব্যবহার করতে ক্যামেরায় ধরা পড়ার পর এই কেলেঙ্কারির সূত্রপাত হয়েছিল। পরবর্তীতে ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যানক্রফট, স্টিভ স্মিত ও ডেভিড ওয়ার্নারকে এই ঘটনায় তাদের ভূমিকার জন্য শাস্তি দেয়।

২০২১ সালে কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন এক যৌথ বিবৃতিতে এই ঘটনার বিষয়ে কোনো পূর্বজ্ঞান না থাকার কথা অস্বীকার করেছিলেন। উসমান খাজার সাম্প্রতিক দাবির পর অস্ট্রেলীয় ক্রিকেটে বিভক্তি দেখা দিয়েছে; ডেভিড ওয়ার্নার ও সাবেক বোলার চ্যাড সেয়ার্স খাজার পক্ষ নিলেও, স্টার্ক তাঁর আগের অবস্থানেই অনড় রয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে স্টার্ক বলেন, "২০২১ সালে আমরা যা বলেছিলাম, সে বিষয়ে আমার মনে কোনো পরিবর্তন আসেনি।"

এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনও ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে, এটি বেশ কিছু প্রশ্নের উত্তর অমীমাংসিত রেখেই দিয়েছে। অস্ট্রেলিয়ার আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর প্রাক্কালে এই নতুন বিতর্ক ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।