Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার যুক্ত হচ্ছে ভিএআর

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

দক্ষিণ এশীয় ফুটবলে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ফাইনালে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রেফারিং মানদণ্ডের সাথে তাল মিলিয়ে দক্ষিণ এশীয় ফুটবলে স্বচ্ছতা ও আধুনিকতা আনার ক্ষেত্রে একে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং আসিয়ান ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এই প্রযুক্তি বাস্তবায়ন করা হয়েছে। স্পেনের ফিফা-সার্টিফাইড প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’-র মাধ্যমে এই ভিএআর কার্যক্রম পরিচালিত হবে, যার কেন্দ্রীয় অপারেশন হাব থাইল্যান্ডে অবস্থিত।

রিমোট ভিএআর মডেলের নিয়ম অনুযায়ী, ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে লাইভ ম্যাচ ফুটেজ সরাসরি থাইল্যান্ডের সেন্ট্রালাইজড অপারেশন হাবে পাঠানো হবে। সেখানে সার্টিফাইড ভিডিও ম্যাচ অফিসিয়ালরা বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে আইএফএবি ভিএআর প্রোটোকল অনুযায়ী মাঠের রেফারিদের সহায়তা করবেন। পাশাপাশি, ঢাকার স্টেডিয়ামে একটি পূর্ণাঙ্গ ‘রেফারি রিভিউ এরিয়া’ এবং ‘টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর’ স্থাপন করা হয়েছে, যা নিশ্চিত করতে অন-সাইটে কাজ করছেন কোয়ালিটির প্রযুক্তিগত বিশেষজ্ঞরা।

সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল এই ঐতিহাসিক উদ্যোগ সম্পর্কে বলেন, "ভিএআর-এর প্রবর্তন দক্ষিণ এশীয় ফুটবলের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত এবং আমাদের প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং আসিয়ান ফুটবল ফেডারেশনের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।"

তিনি আরও যোগ করেন, এই প্রযুক্তি খেলার স্বচ্ছতা ও সততা বজায় রাখতে সাহায্য করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য টুর্নামেন্টেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পথ দেখাবে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত সকল রেফারি ও সহকারী রেফারিদেরও ভিএআর পরিচালনার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।