Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

৭ উইকেট নিয়ে রেকর্ড সাকিব খানের

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

অভিষেক টেস্টেই বল হাতে রূপকথার জন্ম দিলেন পাকিস্তানের পেসার সাকিব খান। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে তাঁর বিধ্বংসী বোলিংয়ে আগের দিনের ৪ উইকেটে ৪০৪ রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা মাত্র ৪৪৬ রানেই গুটিয়ে গেছে। প্রথম ইনিংসে ১৩০ রান খরচায় ৭ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে মাত্র ১২ রানের লিডে আটকে দেন সাকিব।

বৃহস্পতিবার মেঘলা আকাশের নিচে সকাল থেকেই দুর্দান্ত সুইং ও নিখুঁত লাইন-লেন্থে লঙ্কান ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছাড়েন অভিষিক্ত এই পেসার। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের ঘাটতি পুষিয়ে লাঞ্চ বিরতির আগে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে পাকিস্তান। এতে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৭ রানে। ওপেনার তৈয়ব আরিফ ১১ রান করে আউট হলেও আজান আওয়াইস ১৬ এবং মোহাম্মদ তাহা ১২ রান নিয়ে অপরাজিত থেকে বিরতিতে যান।

দিনের প্রথম ওভারেই ধস নামানোর শুরুটা করেন সাকিব। আগের দিন ১৬৭ রানে অপরাজিত থাকা সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভাকে কোনো রান যোগ করার আগেই উইকেটরক্ষক গাজী ঘোরির ক্যাচে পরিণত করেন তিনি। ৪০৫ মিনিটের ম্যারাথন ইনিংসে ২০টি চার মারেন ধনঞ্জয়া। এরপর পঞ্চম ওভারে শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিসকেও ফিরিয়ে দেন সাকিব। আগের দিনের রানের সাথে মাত্র ২ রান যোগ করে ১১৯ রানে থামেন কুশল, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কার মার। এই দুজনের বিদায়ের মাধ্যমে ভেঙে যায় পঞ্চম উইকেটে গড়া ২৪৯ রানের বিশাল জুটি।

শেষ দিকে মাত্র ৪২ রানের মধ্যেই শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। সোনাল দিনুশাকে (২০) স্লিপে ক্যাচ বানিয়ে নিজের প্রথম ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেন সাকিব। এরপর টেলএন্ডার লাহিরু কুমারা (০) ও আসিথা ফার্নান্দোকে (৪) আউট করে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন তিনি।

এই দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে টেস্ট অভিষেক ইনিংসে ৭ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়লেন সাকিব খান। তাঁর আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন পেসার মোহাম্মদ জাহিদ (৭-৬৬), অফ-স্পিনার মোহাম্মদ নাজির (৭-৯৯) এবং লেগ-স্পিনার আবরার আহমেদ (৭-১১৪)।