স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার চলমান এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক ফরিদ হাসানকে সঙ্গে নিয়ে ৪৩ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন আব্দুল্লাহ আল মুহী। তবে ব্যক্তিগত ১৭ রানে ফরিদ বিদায় নেওয়ার পর আর কোনো কার্যকর জুটি গড়তে পারেনি যুবারা; নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন মুহী। তবে অপর প্রান্ত থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় মাত্র ৩১.৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের পক্ষে পেসার রিজওয়ানউল্লাহ ৩০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। এছাড়া বাঁহাতি পেসার মোহাম্মদ সায়্যাম নেন ২টি উইকেট।
১৩৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও হায়াম খান বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেননি। উদ্বোধনী জুটিতেই ১২৩ রান তুলে দলের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন তাঁরা। হায়াম খান ৭২ বলে ৬৯ রান করে আউট হলেও, উসমান খান ৫৪ বলে ৬৪ রানে অপরাজিত থেকে মাত্র ২১.৫ ওভারেই দলের সংগ্রহ ১ উইকেটে ১৪১ রানে পৌঁছে দেন। এতে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি নেন রবিউল হাসান অনিক।
আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনালে ভারত ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের দেওয়া ২২৭ রানের (৮ উইকেটে) জবাবে ১ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে বেশ সুবিধাজনক অবস্থানে ছিল ভারত।