Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

কে এই ফারহান আলি ওয়াহিদ?

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দলগুলোর যুব একাডেমি থেকে উঠে এসে দেশের জার্সিতে আলো ছড়ানোর ঘটনা দক্ষিণ এশীয় ফুটবলে খুব একটা নিয়মিত নয়। তবে সেই ধারা ভেঙে এখন দারুণ আলোচনায় ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডের হাই-প্রোফাইল ফুটবল সংস্কৃতিতে বেড়ে ওঠা এই ফরোয়ার্ডের বাংলাদেশ জাতীয় দলে আগমন দেশের ফুটবলপ্রেমীদের মনে নতুন এক আশার প্রদীপ জ্বেলে দিয়েছে। বিশেষ করে গত ১১ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে তার করা চোখ জুড়ানো গোলটি প্রমাণ করেছে, লাল-সবুজ শিবিরে এক সত্যিকারের ফাইটার পা রেখেছেন।

২০০৬ সালের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যেই জন্ম নেওয়া ফারহানের পরিবার মূলতঃ সিলেটের মানুষ। শৈশব থেকেই ব্রিটিশ ফুটবলের আধুনিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পেয়েছেন তিনি। বিখ্যাত ক্লাব চেলসির যুব একাডেমি দিয়ে ফুটবলীয় পাঠ শুরু করলেও ২০১৯ সালে তিনি নাম লেখান ফুলহামের বয়সভিত্তিক দলে। সেখানে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তির স্বাদ পান। এমনকি ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে নভেম্বরের মাসসেরা খেলোয়াড়ের সম্মানও নিজের করে নেন এই তরুণ।

সাফ চ্যাম্পিয়নশিপে গত ১১ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল ৪-০ গোলের বড় জয় তুলে নেয়। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন ফারহান। ম্যাচের বাঁ প্রান্ত দিয়ে বল পায়ে দুর্দান্ত গতিতে আক্রমণে উঠে একে একে তিন ডিফেন্ডারকে বোকা বানান তিনি। এরপর অসম্ভব এক কঠিন কোণ থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্টেডিয়ামের দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দেন। তার এই একক নৈপুণ্যের গোলটি ইতোমধ্যে জাতীয় দলের কোচ টমাস ডুলিরও ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

ফারহানের মূল পজিশন লেফট উইং হলেও আক্রমণভাগের যেকোনো জায়গায় সমান সাবলীলভাবে খেলতে পারেন তিনি। দ্রুতগতির ড্রিবলিং, ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষ ডিফেন্ডারকে অনায়াসে পরাস্ত করা এবং নিখুঁত ক্রস বাড়িয়ে সুযোগ তৈরি করাই তার মূল শক্তি। ২০২৬ সালের জুলাইয়ে ফুলহামের মূল দলের হয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচেও খেলার অভিজ্ঞতা হয়েছে তার। বর্তমানে সিনিয়র ফুটবলের লড়াইয়ে আরও পোক্ত হওয়ার জন্য তিনি ধারে খেলছেন ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে।

ইংল্যান্ডের ফুটবল কাঠামোয় লালিত-পালিত হলেও আন্তর্জাতিক ফুটবলে নিজের শেকড়কেই বেছে নেন ফারহান। গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে তার অভিষেক হয়। এরপর সাফ চ্যাম্পিয়নশিপে নিজের জাত চিনিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের আক্রমণভাগে ফিনিশিং ও ধারাবাহিকতার যে ঘাটতি ছিল, তা পূরণে তিনি দারুণ এক বা হতে পারেন।

শ্রীলঙ্কার বিপক্ষে জাদুকরী গোলটি রাতারাতি ফারহানকে দেশের ফুটবলের নতুন হিরো বানিয়ে দিলেও, আন্তর্জাতিক আঙিনায় এটি কেবল একটি চমৎকার শুরু মাত্র। লম্বা সময় ধরে জাতীয় দলের আস্থার প্রতীক হয়ে থাকতে হলে তাকে ব্যক্তিগত দক্ষতার পাশাপাশি শারীরিক সক্ষমতা, কৌশলগত বোঝাপড়া এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ইউরোপিয়ান ফুটবলের হাই-ইনটেনসিটি ট্রেনিংয়ের অভিজ্ঞতা তাকে এই দীর্ঘ পথ পাড়ি দিতে নিশ্চিতভাবেই সাহায্য করবে। চেলসি ও ফুলহামের মাঠ থেকে শুরু হওয়া এই তরুণ তুর্কির অভিযাত্রা এখন দেশের ফুটবলকে কদ্দূর দূর নিয়ে যায়, সেটাই দেখার বিষয়।