Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

মুস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মিনি নিলামে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামে নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই নিলামে নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের মতো আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারও নাম লেখাতে যাচ্ছেন বলে জানা গেছে।

ফিজের আইপিএল যাত্রায় একসময় বড় ধরনের নাটকীয়তা দেখা গিয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে কিনে নেয়। দুই কোটি রুপি ভিত্তিমূল্য থেকে শুরু হওয়া নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর কেকেআর তাকে দলে টেনে নেয়। এতে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত হন।

তবে চলতি বছরের জানুয়ারিতে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয়। তার বদলি হিসেবে অন্য খেলোয়াড় নেওয়ার অনুমতিও পায় ফ্র্যাঞ্চাইজিটি। এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এর জেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নিরাপত্তার উদ্বেগ তুলে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায়। আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় এবং পরে স্কটল্যান্ডকে বদলি হিসেবে সুযোগ দেওয়া হয়।