স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
ফুটবল বিশ্বে সর্বকালের সেরা কে লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এই বিতর্কের যেন কোনো শেষ নেই। দুই মহাতারকার ভক্ত-সমর্থকদের যুক্তি-তর্কের লড়াইয়ে প্রায়ই একটি অভিযোগ তোলা হতো মেসির বিরুদ্ধে; আর তা হলো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বেশি গোল করার প্রবণতা। তবে আর্জেন্টিনার বিখ্যাত সাময়িকী ‘এল গ্রাফিকো’র সাম্প্রতিক এক পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে সেই ধারণায় বড় এক ঝাঁকুনি লেগেছে। প্রতিপক্ষের শক্তির মানদণ্ড ও ফিফা র্যাঙ্কিং সামনে রেখে করা ওই বিশ্লেষণে দেখা গেছে, দুর্বল দলগুলোর বিপক্ষে গোলের দিক থেকে মেসির চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছেন রোনালদো।
আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড বই বলছে, পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করে শীর্ষে অবস্থান করছেন পর্তুগিজ তারকা। অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচে ১২৬ গোল নিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবলে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন লিওনেল মেসি। বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের একদম গোধূলিলগ্নে এসে পৌঁছালেও এই দুই কিংবদন্তির শ্রেষ্ঠত্ব নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা একটুও কমেনি।
ফিফা র্যাঙ্কিংয়ের সময়কার অবস্থান বিবেচনা করে দেখা যায়, একেবারে শীর্ষস্থানীয় বা এক নম্বর দলের বিপক্ষে দুজনের পরিসংখ্যান একদম সমানে সমান। ২০১৬ সালের মার্চে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের বিপক্ষে একটি গোল করেছিলেন রোনালদো। অন্যদিকে, ২০১০ সালের সেপ্টেম্বরে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল স্পেনের বিপক্ষে গোল পেয়েছিলেন মেসিও।
একইভাবে র্যাঙ্কিংয়ের ১১ থেকে ৫০ নম্বরের মধ্যে থাকা তুলনামূলক শক্তিশালী দলগুলোর বিপক্ষেও ব্যবধান খুবই সামান্য। এই ধাপের প্রতিপক্ষদের বিপক্ষে রোনালদোর গোলসংখ্যা ৫৭টি, যেখানে মেসির ঝুলিতে রয়েছে ৫৪ গোল। অর্থাৎ, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দুজনের পারফরম্যান্স প্রায় কাছাকাছি।
র্যাঙ্কিংয়ের ৫১ থেকে ১০০ নম্বরের মধ্যে থাকা দলগুলোর বিপক্ষে অবশ্য সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন দলপতি। এই দলগুলোর বিরুদ্ধে মেসির গোল ৪০টি, আর রোনালদোর গোল ৩৭টি।
তবে আসল ব্যবধানটি চোখে পড়ে র্যাঙ্কিংয়ের প্রথম ১০০ দলের বাইরে থাকা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার পর। এই দলগুলোর বিপক্ষে খোদ রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪টিতে, পক্ষান্তরে মেসির গোল মাত্র ১৫টি। অর্থাৎ, র্যাঙ্কিংয়ের পেছনের সারির দুর্বল দলগুলোর বিপক্ষে পর্তুগিজ তারকার গোল মেসির দ্বিগুণেরও বেশি।