Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

স্যান্ডপেপার বিতর্কের পর স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন কামিন্স

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম

ক্রিকেট মাঠের পুরোনো এক বিতর্ক যেন আবারও ফিরে এসেছে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে। ২০১৮ সালের সেই বহুল আলোচিত বল টেম্পারিং কাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। এর মধ্যেই বুধবার (১১ নভেম্বর) সিডনির রাস্তায় স্ত্রী বেকির সঙ্গে তাঁকে উত্তপ্ত আলোচনায় জড়াতে দেখা গেছে।  বুধবার প্রকাশিত একটি ভিডিওতে তাদের এমন কথোপকথনের দৃশ্য ধরা পড়ে। 

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, টি-শার্ট ও শর্টস পরা কামিন্স এবং তার স্ত্রী সিডনির একটি রাস্তায় উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন। কথোপকথনের সময় কামিন্সকে তুলনামূলক নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায়। একপর্যায়ে দুজনই একটি বাড়ির ভেতরে চলে যান। ঘটনাটি সামনে আসার পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

বিতর্কের সূত্রপাত উসমান খাওয়াজার সদ্য প্রকাশিত আত্মজীবনী সবর। গত ১০ নভেম্বর প্রকাশিত বইটিতে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার। তাঁর বক্তব্য, সেই সিরিজে দলের অধিকাংশ সদস্যই নয়, বরং পুরো সফরকারী দলই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানত। বিশেষ করে পোর্ট এলিজাবেথ টেস্টকে কেন্দ্র করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

খাওয়াজার এই দাবিকে আরও গুরুত্ব দিয়েছে সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নারের বক্তব্য। তিনিও খাওয়াজার বর্ণনার সঙ্গে একমত হয়েছেন। ফলে ২০১৮ সালের কেপটাউন টেস্টের সেই কলঙ্কিত অধ্যায় নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনি জানান, আত্মজীবনী প্রকাশের আগে খাওয়াজা তাঁর সঙ্গে কথা বলেছিলেন। নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করার অধিকার খাওয়াজার রয়েছে বলেও মনে করেন তিনি।

তবে কামিন্সের মতে, ঘটনাটি অনেক আগেই তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বিষয়টি নিয়ে অতীতে বহুবার প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাঁদের। এখন দল হিসেবে সেই অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

এ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘ঘটনাটি অনেক আগের। তখন সব তদন্ত হয়েছে, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে অসংখ্যবার। বিষয়টি সে সময়ই নিষ্পত্তি হয়েছিল। দল হিসেবে আমরা সামনে এগিয়ে গেছি। গত আট-নয় বছরে দল হিসেবে আমাদের পথচলা এবং পরিবর্তন নিয়ে আমি সন্তুষ্ট।’

তাঁর এই বক্তব্য প্রকাশ করেছে পারথ নাও। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়েছে, ২০১৮ সালের বল টেম্পারিং ঘটনা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই।

এর আগে ২০২১ সালে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন প্রকাশ্যে জানিয়েছিলেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে তাঁদের কোনো পূর্বধারণা ছিল না।

অন্যদিকে নিজের বইয়ে কী বলতে চেয়েছেন, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন খাওয়াজাও। তাঁর দাবি, ঘটনার আগের ম্যাচে তিনি যা দেখেছেন এবং সতীর্থদের সঙ্গে যেসব কথোপকথন হয়েছে, সেগুলো সম্পর্কে আগেই নিজের বক্তব্য দিয়েছেন। তবে বইয়ে সব বিষয় একই রকম বিস্তারিতভাবে তুলে ধরেননি তিনি। কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবেই নির্দিষ্ট তথ্য এড়িয়ে গেছেন, কারণ তাঁর উদ্দেশ্য শুধু কাউকে অভিযুক্ত করা নয়, বরং পুরো ঘটনার প্রেক্ষাপট তুলে ধরা।

এ বিষয়ে এবিসিকে খাওয়াজা বলেন, তিনি আগে যা দেখেছেন এবং যেসব কথোপকথনের কথা জানেন, সেগুলো নিয়ে খোলামেলা ছিলেন। কিছু বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন, আবার কিছু জায়গায় ইচ্ছা করেই অস্পষ্ট থেকেছেন। একটি বৃহত্তর গল্প তুলে ধরতেই তাঁর এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা প্রকাশ্যে আসে। টেলিভিশন ক্যামেরায় অস্ট্রেলীয় ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার দিয়ে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করতে দেখা যায়। পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। ব্যানক্রফট পান ঘরোয়া ক্রিকেটে নয় মাসের নিষেধাজ্ঞা।

তবে খাওয়াজার নতুন দাবি অনুযায়ী, তদন্তের সময় ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর সঙ্গে কোনো সাক্ষাৎকার নেয়নি। ফলে পুরোনো ঘটনা নিয়ে নতুন করে যে প্রশ্ন উঠেছে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত পুনরায় শুরু করতে রাজি নয়, খাওয়াজার আত্মজীবনী এবং ওয়ার্নারের সমর্থন অস্ট্রেলীয় ক্রিকেটের সেই পুরোনো ক্ষতকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।