স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম
কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ব্যাট মানেই রূপকথার মতো সব ইনিংস আর রেকর্ডের পাহাড়। এ বার সেই রেকর্ডের সাক্ষী থাকা ব্যাটগুলোই রূপ নিতে চলেছে ইতিহাসের অমূল্য নিদর্শনে। ক্রিকেট জীবনের ২৬টি স্মরণীয় ব্যাট মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) হাতে তুলে দিচ্ছেন 'মাস্টার ব্লাস্টার'। শচীনের এই বর্ণাঢ্য ক্যারিয়ার ও অজানা গল্পগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের শরদ পওয়ার ক্রিকেট মিউজিয়ামে শুরু হতে চলেছে এক জমকালো প্রদর্শনী, যার নাম দেওয়া হয়েছে ‘ব্যাটোগ্রাফি’।
আগামী ১৬ নভেম্বর পর্দা উঠছে এই বিশেষ প্রদর্শনীর। বিশেষ এই দিনটির একটা আলাদা আবেগ রয়েছে, কারণ ঠিক ১৩ বছর আগে ২০১৩ সালের এই দিনেই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছিলেন শচীন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের কেরিয়ারের শেষ তথা ২০০তম টেস্ট খেলে অবসরের আলোয় পা রেখেছিলেন তিনি। সেই ঐতিহাসিক দিনটির কথা মাথায় রেখেই এমসিএ মিউজিয়ামে শুরু হচ্ছে এই আয়োজন।
'বায়োগ্রাফি' বা জীবনীর আদলেই এই প্রদর্শনীর নামকরণ করা হয়েছে ‘ব্যাটোগ্রাফি’। শচীনের ব্যবহৃত ব্যাটগুলোর মাধ্যমেই মূলত তাঁর বর্ণাঢ্য ক্রিকেট জীবনের গল্প বলা হবে। এই ২৬টি ব্যাটের প্রতিটি খুঁটিনাটির সঙ্গেই জড়িয়ে রয়েছে কোনো না কোনো বিখ্যাত ইনিংস, অবিশ্বাস্য সাফল্য কিংবা রোমাঞ্চকর ইতিহাস। এমনকী ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার পথে যে ব্যাটগুলো দিয়ে তিনি ঝড় তুলেছিলেন, সেগুলোও এই প্রদর্শনীতে দেখতে পাবেন দর্শকরা।

শুধু ব্যাটই নয়, এই বিশেষ প্রদর্শনীতে থাকছে শচীনের ব্যবহৃত হেলমেট, জার্সি, বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ব্যক্তিগত নোট ও নানা দুর্লভ স্মারক। এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক এই উদ্যোগকে ভারতীয় ক্রিকেটের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন। তাঁর মতে, শচীনের অবদান শুধু কিছু রেকর্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি ভক্তের আবেগ।