Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

আবারও আইপিএল নিলামে মুস্তাফিজ, দল পাবেন তো?

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

মুস্তাফিজুর রহমানের ক্রিকেট ক্যারিয়ার মানেই যেন নতুন কোনো অধ্যায়ের অপেক্ষা। ভূরাজনৈতিক জটিলতা আর মাঠের বাইরের নানা নাটকে গত আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জল কম ঘোলা হয়নি। তবে সব মেঘ কেটে গিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা আসায় আসন্ন ২০২৭ আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার। সব বিতর্ককে পেছনে ফেলে আইপিএলের পিচে তার নতুন এই প্রত্যাবর্তন এখন ক্রিকেট পাড়ার অন্যতম আলোচিত বিষয়।

গত আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ইতিহাস গড়েছিল। বাংলাদেশি মুদ্রায় কিংবা আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল তারা। কিন্তু সেই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। দুই দেশের তৎকালীন রাজনৈতিক উত্তাপ এবং শেষ মুহূর্তের নানা জটিলতার কারণে দল পেয়েও আইপিএলে বল হাতে মাঠে নামা হয়নি মুস্তাফিজের।

আইপিএলের এই ঘটনা কেবল ফ্র্যাঞ্চাইজি লিগেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব পড়েছিল জাতীয় দলেও। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির জেরে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ দল। দেশের ক্রিকেট ইতিহাসে এই সিদ্ধান্তটি এক ধরণের কালো অধ্যায় বা গভীর ক্ষত হিসেবে দাগ কেটে গেছে, যা আজও ভক্তদের মনে আক্ষেপ তৈরি করে।

সময়ের সঙ্গে সঙ্গে ভূরাজনৈতিক পরিস্থিতির দৃশ্যপট বদলাতে শুরু করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যকার বরফ গলতে থাকায় এবং সম্পর্কে নতুন সমীকরণ আসায় আইপিএলের আঙিনায় ফেরার দরজা খুলে গেছে মুস্তাফিজের জন্য। আইপিএলের পরবর্তী আসরে আবারও কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশের এই সফল পেসারকে।

আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকায় মুস্তাফিজর পাশাপাশি বাংলাদেশের আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন মিনি নিলামের তালিকায়। আইপিএলের মঞ্চে মুস্তাফিজের অভিজ্ঞতা অবশ্য বেশ সমৃদ্ধ। এর আগে পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯টি মৌসুম খেলে ফেলেছেন তিনি। ২০১৬ সালের নিজের অভিষেক আসরেই সেরা উদীয়মান খেলোয়াড়ের বিরল গৌরব অর্জন করেন এই পেসার, যা টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র বিদেশি হিসেবে এখনও অনন্য এক রেকর্ড। আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচে তাঁর শিকার ৬০ উইকেট।

আসছে আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম। এই ছোট নিলামের মূল লক্ষ্য হলো ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াডে থাকা ফাঁকফোকরগুলো দক্ষতার সঙ্গে পূরণ করা। মেগা নিলামের মতো পুরো দল ঢেলে সাজানোর সুযোগ না থাকলেও, কোন দল কাকে ধরে রাখছে আর কাদের ছেড়ে দিচ্ছে; তার ওপর নির্ভর করবে নিলামের কৌশল।

আইপিএলের বিদ্যমান নীতিমালা অনুযায়ী, প্রতিটি দলে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখা বাধ্যতামূলক, যার মধ্যে বিদেশি কোটায় থাকতে পারেন সর্বোচ্চ আটজন ক্রিকেটার। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির পার্স বা মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি করে। তবে দলগুলোর ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হওয়ার পরেই কেবল স্পষ্ট হবে কোন ফ্র্যাঞ্চাইজির হাতে ঠিক কত কোটি রুপি অবশিষ্ট রয়েছে।