১২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ এএম
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাধারণত খেলার কথাই বলা হয়। কিন্তু শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি সেই নিয়ম ভেঙে বসেন। বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে ৪-০ গোলে হারের পর তিনি ম্যাচের আলোচনা বাদ দিয়ে সরাসরি সাফ কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ঝাড়েন। বলেন, ‘সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।’
বিষয়টির শুরু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ থেকে। সেই খেলায় রেফারিং নিয়ে কোচ প্রকাশ্যে অসন্তোষ জানান। এর জেরে সাফ থেকে তাকে সতর্কবার্তা পাঠানো হয়। বার্তাটি আসে বাংলাদেশ ম্যাচের আগের দিন মধ্যরাতে। এতে বলা হয়, সাফ ও রেফারিং নিয়ে মন্তব্য করায় তার ছয় মাসের বেশি নিষেধাজ্ঞা ও প্রায় ১০ হাজার ডলার জরিমানা হতে পারে।
সংবাদ সম্মেলনে কোচ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাকে সাফ থেকে গতকাল মধ্যরাতে মুঠোফোনে বার্তা পাঠানো হয়। এই কথা টুর্নামেন্ট রেফারি সরাসরি বলতে পারতেন, ম্যাচের পরও বলতে পারতেন। মধ্যরাতে কেন? মধ্যরাতে তো আমার স্ত্রীও আমার সঙ্গে কথা বলে না!’
তিনি এতে ষড়যন্ত্রের গন্ধ পান। অতীতের উদাহরণ দিয়ে বলেন, একবার এক ভারতীয় কোচ পাকিস্তানি ফুটবলারের গায়ে হাত দিয়েছিলেন। তখন সাফ বলেছিল তিনি বিশ্বকাপ খেলা ব্যক্তি, কিন্তু কোনো শাস্তির কথা শোনানো হয়নি। ‘আমি ভুটানের বিপক্ষে কোনো অসৌজন্যমূলক শব্দ ব্যবহার করিনি, কোনো খেলোয়াড়ের গায়ে হাত দিইনি। তাও আমাকে শাস্তির কথা শোনানো হচ্ছে। ভারতের কোচকে কেন কিছু বলা হয়নি?’
আরও প্রশ্ন তুলে তিনি যোগ করেন, ‘আমি যদি আমেরিকান বা ইউরোপীয় হতাম, তাহলে কি সাফ আমাকে সরাসরি এমন বার্তা দিত? অবশ্যই না। কারণ ভারতের ইউরোপীয় কোচকেও তখন শাস্তির কথা শোনানো হতো।’
সবশেষে কোচ জানান, সাফ অঞ্চলে আর কোচিং করতে চান না। এটাই তার শেষ সাফ টুর্নামেন্ট। তিনি বলেন, ‘আমার মন স্বচ্ছ। আমি কোনো ভুল করিনি। সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তখন সব পরিষ্কার হবে। আমি সাফ কর্তৃপক্ষের বিরুদ্ধে সব কথা ফেসবুকে প্রকাশ করব। সাফ আরবদের পছন্দ করে না, এজন্যই এমন করেছে।’