Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

‘চুপ করো পাকিস্তানি’— এমসিসির লং রুমে বর্ণবাদের শিকার উসমান খাজা

স্পোর্টস ডেস্ক

১১ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

২০২৩ সালের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টে ইংল্যান্ড ব্যাটার জনি বেয়ারস্টোর বিতর্কিত রানআউটের পর লং রুমে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক সদস্যের কাছ থেকে বর্ণবাদী গালিগালাজের শিকার হয়েছিলেন বলে বিস্ফোরক দাবি করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’ এ খাজা এই অভিযোগ করেছেন।

বইয়ে খাজা উল্লেখ করেন, ম্যাচের পঞ্চম দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে যখন অজি ক্রিকেটাররা প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন লর্ডসের লং রুমে উপস্থিত সদস্যরা তীব্র ভুয়া ধ্বনি ও গালিগালাজ শুরু করেন। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এমসিসির এক সদস্য খাজার উদ্দেশ্যে বর্ণবাদী গালিগালাজ করে তেড়ে আসেন।

তৎকালীন ঘটনার সরাসরি সম্প্রচারে স্কাই স্পোর্টসে দেখা যায়, খাজা লং রুম দিয়ে ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় এক এমসিসি সদস্যের সাথে তর্ক জড়ান এবং নিরাপত্তা কর্মীদের ডেকে আরেকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানান।

সেই দিনের স্মৃতিচারণ করে খাজা তাঁর বইয়ে লেখেন, "মনে হচ্ছিল একদল কুকুরের পাল শিকারের জন্য প্রস্তুত হয়ে আছে। তারা একযোগে আমাদের উদ্দেশ্য করে জঘন্য ভাষায় গালিগালাজ করছিল। আমি কী শুনছিলাম তা নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে বিস্ময়ে হেসেই ফেলেছিলাম। এটি কি সত্যিই পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট ক্লাবের সেই ঐতিহাসিক লং রুম, যেখানে সদস্য পদের জন্য ৩০ বছর অপেক্ষা করতে হয়? নাকি আমরা এজবাস্টনের হোলিজ স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি? তবে হোলিজের প্রতি কোনো অশ্রদ্ধা না রেখে বলছি, তারা অন্তত কখনোই আমাদের সাথে এমন আচরণ করেনি।"

লং রুমে ঘটে যাওয়া সেই চরম উত্তপ্ত মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি আরও যোগ করেন, "আমাদের ও দর্শনার্থীদের মাঝে কেবল একটি দড়ি এবং ২০ সেন্টিমিটারের মতো দূরত্ব ছিল। একজন সদস্য এসে ঠিক আমার কানের কাছে এসে চিৎকার শুরু করলে আমি থেমে যাই এবং বলি, 'আমার কানের কাছে চিৎকার করার দুঃসাহস আর দেখাবে না।' এরপর যখন একটু সামনে এগিয়ে গেলাম, তখন পিছন থেকে কেউ একজন কুরুচিপূর্ণ বর্ণবাদী গালি দিলে আমি নিজের মেজাজ ধরে রাখতে পারিনি।"

তবে বর্ণবাদী মন্তব্য করা ব্যক্তিকে ঠিকভাবে শনাক্ত করতে পেরেছিলেন কি না, সে বিষয়ে খাজা স্পষ্ট করে লিখেছেন, "কে ওই মন্তব্য করেছিল আমি ঠিক নিশ্চিত হতে পারিনি। আমি যা নিশ্চিত করতে পারি তা হলো, চোখের সামনে যাকে প্রথম দেখেছিলাম এবং মনে হয়েছিল সেই গালি দিয়েছে, আমি তার মুখোমুখি হই। সে তখনও আমার মুখের ওপর থুতু ছিটিয়ে চিল্লাচ্ছিল। তখনই কেউ একজন আমাকে উদ্দেশ্য করে বলে, 'চুপ করো পাকিস্তানি'। আমি সাথে সাথে নিরাপত্তারক্ষীদের বলি, 'এই লোককে এখান থেকে বের করে দাও।'"

লর্ডস টেস্টের সেই অনভিপ্রেত ঘটনার পর এমসিসি তদন্ত চালিয়ে তাদের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করে। পরবর্তীতে তদন্ত শেষে ১ জন সদস্যকে ক্লাব থেকে স্থায়ীভাবে আজীবন বহিষ্কার করা হয় এবং অন্য দুজনকে যথাক্রমে সাড়ে চার বছর ও আড়াই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, লর্ডসের সেই টানটান উত্তেজনার দ্বিতীয় টেস্টটিতে স্বাগতিক ইংল্যান্ডকে ৪৩ রানে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া।