স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম
অসাধারণ ফুটবল শৈলী, মনোমুগ্ধকর ড্রিবলিং আর ক্ষুরধার ফুটবল বুদ্ধির অধিকারী হওয়া সত্ত্বেও ক্যারিয়ারজুড়ে নেইমার জুনিয়রের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তাঁর নিজের শরীর। লাখ লাখ ফুটবলপ্রেমীকে জাদু দেখানোর আড়ালে ব্রাজিলিয়ান তারকার ক্যারিয়ারের গল্পটা চোট, হতাশা আর মাঠে ফেরার আকুল সংগ্রামের এক বেদনাময় কাহিনি।
ব্রাজিলিয়ান কিংস লিগের এক লাইভ সম্প্রচারে তাঁর সাম্প্রতিক মন্তব্য সেই নির্মম বাস্তবতাকে আবারও সামনে নিয়ে এসেছে। সান্তোসের এই ফরোয়ার্ডকে যখন ২০৩০ সালের কিংস লিগে খেলার কৌতুকের প্রসঙ্গে তাঁর ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়, তখন উপস্থাপক ক্রিস গুয়েদেস ইঙ্গিত দেন যে তিনি হয়তো আরও ৪-৫ বছর খেলা চালিয়ে যেতে পারেন। জবাবে নেইমার সামান্য হেসে বলেন,"তোমার হাঁটু যদি আমার মতো হতো, তবে তুমি বুঝতে পারতে।"
মুহুর্তের এই রসিকতাপূর্ণ মন্তব্যটি হালকা মনে হলেও এর পেছনে লুকিয়ে ছিল গভীর এক যন্ত্রণা। ৩৪ বছর বয়সি এই তারকার জন্য প্রশ্নটি এখন আর কেবল কতদিন খেলতে চান তা নয়, বরং তাঁর শরীর আর কতটা ধকল সইতে পারবে সেটাই আসল বিষয়।
নেইমারের এই চোটের গল্প নতুন কিছু নয়। ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে কামিলো সুনিগার মারাত্মক ফাউলে মেরুদণ্ডের কশেরুকা ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি, যার পর জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। এরপর ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে মেটাটারসাল ও গোড়ালির চোট নিয়ে কোনোমতে টুর্নামেন্টে খেলেছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপেও সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই ডান গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো মিস করেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাঁ হাঁটু। ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই হাঁটুর চোট পিছু ছাড়েনি। একই বছর ডিসেম্বরে হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার এবং ২০২৬ বিশ্বকাপের আগে চোট সামলাতে প্লাটিলেট-রিচ প্লাজমা থেরাপির মতো আধুনিক পুনরুজ্জীবন চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। গতি, ভারসাম্য আর চটজলদি ড্রিবলিংয়ের ওপর নির্ভরশীল একজন খেলোয়াড়ের জন্য হাঁটুর এই দীর্ঘমেয়াদি সমস্যা ভীষণ ক্ষতিকর।
সান্তোসের হয়ে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে নিজের চিরচেনা স্কিলের ঝলক দেখালেও, পরবর্তীতে বাহিয়ার বিপক্ষে লাল কার্ড এবং নিষেধাজ্ঞা তাঁর খেলায় ব্যাঘাত ঘটায়। যদিও আপিলে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পরের ম্যাচে তাঁর খেলা নিশ্চিত হয়েছে, তবে নেইমারকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন তাঁর শারীরিক সক্ষমতা।
সামনে ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা দিতে যাওয়া নেইমারের জন্য মাঠের নৈপুণ্যের চেয়েও এখন নিজের শরীরকে মানিয়ে নেওয়া এবং ধকল সামলানোই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।