স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ এ উঠে আসা বিস্ফোরক তথ্যের পর ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তখনকার অস্ট্রেলিয়া দলের সবাই এ বিষয়ে জানতেন বলে দাবি করেছেন উসমান খাজা। সাবেক এই ওপেনারের সঙ্গে শতভাগ সহমত পোষণ করেছেন তারই সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নার। তবে এ বিষয়ে নিজের পুরনো অবস্থানেই অনড় রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।
খাজার বক্তব্য তাঁর স্মৃতি বা অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলেনি জানিয়ে স্টার্ক স্পষ্টভাবে বলেছেন, বলের আকৃতি পরিবর্তনের জন্য শিরিষ কাগজ বা অন্য কোনো বহিরাগত বস্তু ব্যবহার করার কথা তিনি আগে যেমন জানতেন না, এখনো সেই একই অবস্থানে আছেন।
মঙ্গলবার এক প্রচারণামূলক অনুষ্ঠানে খাজার বইয়ে তোলা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে ফক্স স্পোর্টসকে স্টার্ক বলেন, "সত্যি বলতে আমি এসব বিষয়ে খুব একটা মনোযোগ দিইনি। আট বছর আগের ঘটনা নিয়ে স্পষ্টতই অনেকের ভিন্ন মত বা মতামত থাকতে পারে। তখনকার তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের বিস্তারিতভাবে যেতে হয়েছিল। পেস বোলিং গ্রুপের প্রতিনিধি হয়ে না বললেও আমার নিজের অবস্থান আগের মতোই আছে। ২০২১ সালে আমরা যৌথ বিবৃতিতে যা বলেছিলাম, আমার স্মৃতি এবং অবস্থান আজও ঠিক তেমনই আছে।"
পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টেও যে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে খাজা তাঁর বইয়ে দাবি করেছেন, সে বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে বাঁহাতি এই তারকা পেসার বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, কেপটাউন টেস্টের আগে এই ধরনের কোনো ঘটনা ঘটার কথা তিনি প্রথমবার শুনলেন।
স্টার্ক আরও যোগ করেন, "পোর্ট এলিজাবেথে এমন কিছু ঘটার কথা এই প্রথম শুনলাম। লেখকই ভালো বলতে পারবেন তিনি কেন বা কীসের ভিত্তিতে এটি লিখেছেন। আমাদের আগের বিবৃতিতে যেভাবে স্পষ্ট করা হয়েছিল, মাঠে কোনো অনৈতিক জিনিস নিয়ে যাওয়ার বিষয়ে আমরা একেবারেই অবগত ছিলাম না। আমার বক্তব্য এতটুকুই।"
উল্লেখ্য, আত্মজীবনী ‘সবর’-এ খাজা দাবি করেন যে ২০১৮ সালের বল বিকৃতির ঘটনার দায় কেবল শাস্তি পাওয়া তিন খেলোয়াড়- স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের একার ছিল না। খাজার মতে, সেই সফরে ড্রেসিংরুমের বেশ কয়েকজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফও এই বিষয়ের সাথে ওয়াকিবহাল ছিলেন। তৎকালীন কেপটাউন টেস্টের ঘটনা অজি ক্রিকেটে বড় ঝাকুনি দিয়েছিল, যার ফলে স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাসের জন্য এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল।