Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির তদন্ত আবার হবে কি না জানাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের নতুন বিস্ফোরক দাবি সত্ত্বেও ২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারির তদন্ত নতুন করে খোলার কোনো যুক্তি দেখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন, ড্রেসিংরুমে থাকা ক্রিকেটারদের একেকজনের বক্তব্যে একেক রকম ভিন্নতা থাকায় আট বছর পর এই ইস্যু পুনরায় সামনে আনার মধ্যে বোর্ডের কোনো ফায়দা দেখছেন না তারা।

এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনবার্গ বলেন, "পেছনে ফিরে তাকালে কোনো লাভ নেই। ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের এটি অত্যন্ত পরিষ্কার অবস্থান। আমাদের মনে হয় এখন সময় এসেছে সামনে তাকানোর। বিষয়টির সমাধান ২০১৮ সালেই তৎকালীন নেতৃত্বের অধীনে সম্পন্ন হয়েছে। এখন পেছনের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার চুলচেরা বিশ্লেষণ করা বা অতীত স্মৃতি আওড়ে মূল্যায়নের কোনো অর্থ হয় না।"

সম্প্রতি আত্মজীবনী ‘সবর’ প্রকাশের মাধ্যমে বল টেম্পারিং বিতর্কটি নতুন করে উস্কে দিয়েছেন উসমান খাজা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই বইয়ের একটি পুরো অধ্যায় তিনি কেপটাউন টেস্টে ঘটা ওই কেলেঙ্কারির পেছনে উৎসর্গ করেছেন। খাজা তাঁর বইয়ে অভিযোগ তোলেন যে, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের বাইরেও দলের আরও অনেকে বল বিকৃতির চক্রান্ত সম্পর্কে নিশ্চিতভাবে জানতেন। কেবল নিউল্যান্ডস টেস্টেই নয়, তার আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও বল ঘষতে শিরিষ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

খাজা আরও প্রকাশ করেন, পুরো কেপটাউন টেস্টে ব্যানক্রফটের পাশেই বসে থাকলেও মূল তদন্তকারীরা তাঁর কোনো সাক্ষাৎকার নেননি। খাজার এই অভিযোগের পর সাবেক ওপেনার ওয়ার্নার জানান যে খাজার কথা ‘১০০ ভাগ সত্য’। ওই সিরিজের দলে থাকা পেসার চ্যাড সেয়ার্সও চ্যানেল সেভেনকে দেওয়া সাক্ষাৎকারে খাজার দাবিকে পুরো নির্ভুল বলে মন্তব্য করেছেন।

তবে ২০১৮ সালে বোর্ডে না থাকলেও, পরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) দায়িত্বে থাকাকালীন বিষয়টি নিয়ে বেশ কজন ক্রিকেটারের সাথে কথা বলেছেন বর্তমান সিএ প্রধান নির্বাহী গ্রিনবার্গ। পুরো তদন্তের স্ক্রিপ্টও তাঁর দেখা রয়েছে। তিনি জানান, সপ্তাহান্তে কেপটাউনের ওই স্কোয়াডের অন্যান্য সতীর্থদের সাথে কথা হলে তারা খাজার বক্তব্যের থেকে সম্পূর্ণ ভিন্ন তথ্য উপস্থাপন করেছেন।

গ্রিনবার্গ আরও স্পষ্ট করেন, "আমি নিশ্চিত করে বলতে পারি, দলে এমন অনেক খেলোয়াড় আছেন যাদের কাছে এই ঘটনার বর্ণনা একেবারেই ভিন্ন। তারা ২০১৮ সালের শুরু থেকেই সে জায়গায় অনড় ছিলেন এবং আজও তাঁদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আট বছর পর দুজন ক্রিকেটার দুই রকম তথ্য দিলে শেষ পর্যন্ত শেষমেশ একই মোড়ে এসে দাঁড়িয়ে থাকতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান হিসেবে আমার চেয়ে আর কেউ এই অধ্যায়টি দ্রুত বন্ধ করতে চাইবে না, তবে এই পুরনো কেস আবার খোলা সম্ভব নয়।"

এদিকে, গ্রিনবার্গ নিশ্চিত করেছেন যে কেপটাউনে বোলিং বিভাগে থাকা বর্তমান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সসহ মিচেল স্টার্ক ও মিচেল মার্শ আগামী কয়েক দিনের মধ্যে গণমাধ্যমের সামনে এসে এই ইস্যু নিয়ে মুখ খুলবেন। তবে ২০১৮ সালের শুরু থেকে বোলারদের অবস্থান যেমন ছিল, আগামীতে সংবাদ সম্মেলনেও তা একই থাকবে বলে বিশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়া সভাপতির।