Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

আলোকস্বল্পতায় খেলা বন্ধের পর ড্র মেনে নিল দুই দল, সিরিজ ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

সিলেট টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে পঞ্চম ও শেষ দিনে ৩৬৯ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সে লক্ষ্য তাড়া করতে নেমে শুরতেই দুই উইকেট হারালেও মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়েছিলেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে ২৪২ রান করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসেও ফিফটি করে সেঞ্চুরির পথে ছিলেন। মুশফিকের সঙ্গে তাঁর গড়া ১৩৫ রানের জুটিতে জয়ের স্বপ্নও দেখছিলেন অনেকেই। তবে চা বিরতির পর জোমেল ওয়ারিকানের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরতে হয় হৃদয়কে।

৮২ রানে তিনি আউট হওয়ার পর মুশফিকও আউট হন ব্যক্তিগত ৪৯ রানে। বাংলাদেশের রান যখন ৪ উইকেটে ১৮৪ তখন আলোকস্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। এরপর আম্পায়ারদের আবার মাঠ পর্যবেক্ষণের কথা থাকলেও দুই দলই ড্র মেনে নিয়েছেন। ফলে সিলেট টেস্ট শেষ হল সমতায়। এর আগে ঢাকা টেস্ট ক্যারিবীয়রা জেতায় সিরিজও জিতল সফরকারীরাই। 

মুশফিক-হৃদয়ের দুর্দান্ত জুটির সুবাদে ২ উইকেটে ১৬২ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।  চা-বিরতির পর দ্রুত সময়ের মধ্যে হৃদয় ও ৭ হাজার টেস্ট রানের মাইলফলক ছোঁয়া মুশফিকের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বপ্ন জাগ্রত হয়েছিল। দিনের খেলা তখনও ১৯ ওভার বাকি ছিল, ঠিক তখনই মাঠে নেমে আসে আলোকস্বল্পতা। এরপর খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। বিকেল চারটায় আম্পায়ারদের আবার পর্যবেক্ষণ করার কথা থাকলেও দুই দলই ড্র মেনে নেয়। 

৩৯৮/৬ রানে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস ঘোষণার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশকে চাপমুক্ত করেন হৃদয় ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন মহামূল্যবান ১৩৫ রান। মধ্যাহ্নভোজের বিরতির পর দুজনেই ক্যারিবীয় বোলারদের সামলে পুরো সেশন কাটিয়ে দেন এবং ৩৪ ওভারে যোগ করেন ১১৩ রান।

তবে চা-বিরতির পর পরই দৃশ্যপট বদলে যেতে শুরু করে। লেগ স্টাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে ওয়ারিকানের বলে বোল্ড হন হৃদয়। ১৪০ বলে ৮টি চারে ৮২ রানের এক লড়াকু ইনিংস খেলে ফেরেন তিনি। এই উইকেটের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে নিজের ১০০তম উইকেটের অনন্য ইতিহাস গড়েন ক্যারিবীয় স্পিনার ওয়ারিকান। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ এবং দ্বিতীয় ইনিংসে ৮২ রান করার মধ্য দিয়ে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ মোট ৩২৪ রান সংগ্রাহক হওয়ার নতুন রেকর্ড গড়েন হৃদয়, যা আগে ছিল মুমিনুল হকের (২৮১ রান)।

হৃদয়ের বিদায়ের কিছুক্ষণ পরই শামার জোসেফের দুর্দান্ত এক ইনসুইঙ্গারে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম। ১২৩ বলে ৬টি চারে ৪৯ রান করে মুশফিক যখন আউট হন, বাংলাদেশের সংগ্রহ তখন ৪ উইকেটে ১৮৪। মুশফিক অবশ্য এর আগেই দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

দ্রুত ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় সিলেটের আলো। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়। এরপর দুই দলই ড্র মেনে নিলে শেষ হয় ম্যাচ। প্রথম টেস্টে জেতায় সিরিজ জয় নিশ্চিত হয়েছে ক্যারিবীয়দের।