স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত ফর্মে থাকা উদ্বোধনী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। এছাড়া দীর্ঘ দিন পর টেস্ট স্কোয়াডে ফেরানো হয়েছে নাইম শেখকে। অন্যদিকে গোড়ালির চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই সফর খেলবে বাংলাদেশ, আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
চলতি এনসিএলে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেওয়া মাহফিজুল ইসলাম রবিন ১০ ইনিংসে ৭৪.৬৬ গড়ে একটি ডাবল সেঞ্চুরি, তিনটি সেঞ্চুরি ও দুটি ফিফটিসহ করেছেন ৬৭২ রান। সিলেটের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান সাদমান ইসলাম। এমআরআই স্ক্যানে লিগামেন্টে ক্ষতি ও ফ্র্যাকচারের আশঙ্কা দেখা দেওয়ায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে না থাকা মুমিনুল হক কনকাশন প্রটোকল শেষ করে দলে ফিরেছেন। তাঁর ফেরায় দল থেকে বাদ পড়েছেন অমিত হাসান।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের পেস ও বাউন্স সহায়ক কন্ডিশন বিবেচনায় দলে পাঁচজন স্পেশালিস্ট পেসার রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে অফ-স্পিনার নাঈম হাসানকে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন চৌধুরীর সঙ্গে বোলিং আক্রমণে ফিরেছেন সৈয়দ খালেদ আহমেদ। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।