Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন নয়্যার

স্পোর্টস ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

ডান পায়ের টেন্ডনে আংশিক আঘাত পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। রোববার ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই অভিজ্ঞ গোলরক্ষককে অন্তত দুই মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে।

শনিবার বুন্দেসলিগায় মাইনজের বিপক্ষে বায়ার্নের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে ঘটনাটি ঘটে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ৪০ বছর বয়সি এই তারকা। 

নয়্যারের বদলি হিসেবে মাঠে নামেন ২৩ বছর বয়সি তরুণ গোলরক্ষক ইয়োনাস উরবেগ, যিনি চলতি মরসুমে এর আগেও নয়্যারের অনুপস্থিতিতে একাধিকবার পোস্ট সামলেছেন।

চলতি মরসুমে বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে নয়্যার এবং উরবেগ দুজনেই পাঁচটি করে ম্যাচে মাঠে নেমেছেন। চোট পেয়ে মাঠ ছাড়ার দিনেও এক অনন্য নজির গড়েছেন নয়্যার। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ৪০ বছর ২২৫ দিন বয়সে মাঠে নেমে বায়ার্ন মিউনিখের ইতিহাসের সবচেয়ে বয়স্ক বুন্দেসলিগা খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছেন এই জার্মানি ও বায়ার্ন কিংবদন্তি।