স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এক অপ্রত্যাশিত ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে। ঐতিহাসিক ক্লাব সান্তোসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন তারকা ফুটবলার নেইমারের বাবা, নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, যিনি সবার কাছে 'নেইমার সিনিয়র' বা 'নেইমার পাই' নামে পরিচিত। সান্তোস ক্লাবের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর ক্লাবের কেন্দ্রীয় ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে সরাসরি কাজ করবেন তিনি। এর মধ্যে ফুটবল বিভাগ, বিপণন এবং নতুন বাণিজ্যিক খাতের কার্যক্রম পরিচালনা ও সমন্বয় সাধনের মূল দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। পাশাপাশি, ক্লাবটির উদীয়মান ও তরুণ প্রতিভা অন্বেষণ এবং উন্নয়নের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউটো মেনিনোস দা ভিলা’র সভাপতির দায়িত্বও পালন করবেন তিনি।
২০২৫ সালের মে মাস থেকে সান্তোসের সিইও পদটি খালি ছিল। তৎকালীন সিইও পেদ্রো মার্টিন্স পদত্যাগ করার পর থেকে পদটিতে কেউ ছিলেন না। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্টের অধীনে সিইও পদটি পরিচালিত হয়। সে কারণে আগামী ডিসেম্বরে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন নেইমার সিনিয়র। ডিসেম্বরে ক্লাবের সদস্যদের ভোটে ২০২৭-২০২৯ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হবে, যেখানে বর্তমান সভাপতি মার্সেলো তেইশেইরাও পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে নেইমার সান্তোসে ফিরে আসার পর থেকেই ক্লাবটির নানা কর্মকাণ্ডে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন তার বাবা। তার প্রতিষ্ঠিত ‘এনআর স্পোর্টস’ নামক ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ক্লাবকে বিভিন্নভাবে সহায়তা করে আসছেন তিনি। এর আগে ভিলা বেলমিরো স্টেডিয়ামের সংস্কার কাজ, ফিফার নিষেধাজ্ঞা এড়াতে বকেয়া পরিশোধ এবং ফিলিপে কৌতিনিয়োকে দলে ভেড়ানোর মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপেও নেপথ্যে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
বর্তমানে কোচ কুকার অধীনে ব্রাজিলের শীর্ষ লিগ ব্রাজিলেইরাও-এর পয়েন্ট টেবিলে নবম অবস্থানে রয়েছে সান্তোস। লিগের শেষ পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে সরাসরি কোপা সুদামেরিকানায় খেলার টিকিট পাবে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।