Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থেকে চা বিরতিতে হৃদয়, বাংলাদেশের ৩১৮

স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

সিলেট টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটিংয়ে যেন নতুন প্রাণ ফিরে এসেছে একজনের ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বড় স্কোরের বিপরীতে একসময় ফলো-অনের ভয় কাজ করছিল। কিন্তু তাওহিদের অবিশ্বাস্য ইনিংস সেই চিত্র পাল্টে দিয়েছে। চা-বিরতির আগে শেষ দুই বলে ওয়ারিক্যানের বোলিংয়ে তাওহিদ যেন আগুন ছড়ালেন। পঞ্চম বলে ডাউন দ্য উইকেট এসে ছক্কা মারলেন। শেষ বলে কাট শটে চার। মাত্র দুই বলে ১০ রান তুলে তার ব্যক্তিগত স্কোর পৌঁছে গেল ১৯০-এ। ডাবল সেঞ্চুরির জন্য এখন মাত্র ১০ রানের অপেক্ষা। তাতে চা-বিরতিতে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩১৮। 

তাওহিদ ১৯০ রানে অপরাজিত। অন্যপ্রান্তে তাসকিন আহমেদ এখনও রান খোলেননি। দল এখন মাত্র ৩৮ রানে পিছিয়ে

শনিবার (৭ নভেম্বর) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। হৃদয় ২৯ ও মুশফিক ১৬ রানে নিয়ে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন। তবে ৩৪ রান করে আউট হন মুশফিক। 

লিটন দাস ক্রিজে আসার পর নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন হৃদয়। অন্যদিকে, ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন। দুটি বাউন্ডারি পেলেও তার আক্রমণাত্মক মনোভাবকে কাজে লাগিয়েছেন ওয়ারিকান। 

ফুল লেংথে এবং অফ স্টাম্প বরাবর আসা বলে লিটন ড্রাইভ করতে গিয়ে কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংকে ক্যাচ দিয়ে ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। ১৬ রান করে আউট হন তিনি। 

তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। আর তাকে ভালো সঙ্গ দেন তাইজুল ইসলাম। তারপর আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকে দেড়শতে নিয়ে গেছেন তিনি। নিজের ইনিংস বড় করেছেন হৃদয়। ডাবল সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থেকে চা বিরতিতে গিয়েছে টাইগার এই ব্যাটার।