Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ভিনিকে নিয়ে কঠিন বার্তা মরিনহোর

স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

হাতে জাদুর ছড়ি থাকলেও যদি মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন না থাকে, তবে নাম-ডাক দিয়ে যে রিয়াল মাদ্রিদের মূল একাদশে টিকে থাকা সম্ভব নয়; তা আরও একবার স্পষ্ট জানিয়ে দিলেন কোচ হোসে মরিনহো। সাম্প্রতিক সময়ে নিজের ছায়া হয়ে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে তাই তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। চলতি মৌসুমে নিজের চেনা ছন্দ হারিয়ে ফেলা এই উইঙ্গার লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকলেও, তার জন্য লস ব্ল্যাঙ্কোসদের সেরা একাদশের দরজা যে এখনই খুব সহজে খুলছে না, সেই ইঙ্গিতই দিয়েছেন দলটির পর্তুগিজ কোচ।

মূলত ভিনিসিয়ুসের অনুপস্থিতি একেবারেই টের পেতে দেয়নি রিয়ালের আক্রমণভাগ। এই ব্রাজিলিয়ান তারকা যখন লাল কার্ডের শাস্তি ও অফ-ফর্মের কারণে মাঠের বাইরে, ঠিক তখনই দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষ শিবিরে কাপুনি ধরিয়েছেন তরুণ ফরোয়ার্ড ইয়ান ডিওমান্দে। উইংয়ে ভিনির অভাব তো বুঝতে দেনইনি, উল্টো শেষ ছয় ম্যাচে চার গোল এবং তিনটিতে সহায়তার চোখধাঁধানো পরিসংখ্যান দিয়ে কোচ মরিনহোর আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। ভিনিকে ছাড়াই সেভিয়া, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রেসিং সান্তান্দারকে হারিয়ে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ লড়াইয়ে বেশ শক্ত অবস্থানে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

আজ রাতে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি দিয়ে শেষ হচ্ছে ভিনিসিয়ুসের চার ম্যাচের নিষেধাজ্ঞা। যদিও এই ম্যাচেও গ্যালারিতে বসেই সতীর্থদের খেলা দেখতে হবে তাকে। তবে ২১ নভেম্বর লিগে ফেরার অনুমতি পেলেও রিয়ালের একাদশে তার স্থান পাওয়া নিয়ে নিশ্চিত কোনো আশ্বাস দেননি কোচ।

ভ্যালেন্সিয়া ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় মরিনহো জানান, দলের সাফল্যের চেয়ে কোনো ব্যক্তিস্বার্থ বড় হতে পারে না। তিনি বলেন, “আমার কাছে দলের সাফল্যই সর্বাগ্রে। কেবল কোনো নির্দিষ্ট ফুটবলারকে সুযোগ দেওয়ার জন্য দলের পারফরম্যান্সে ছাড় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভিনিসিয়ুস যখন পুরোদমে ফিট এবং নিজের চেনা ছন্দে ফিরবেন, তখন ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে আমি সিদ্ধান্ত নেব।”

খেলোয়াড়দের কঠিন সময়ে সমর্থনের বিষয়ে বলতে গিয়ে তিনি যোগ করেন, “একজন ভালোমানের ফুটবলার সাময়িক বাজে সময়ের মধ্য দিয়ে যেতেই পারেন। তবে পরিশ্রম আর সতীর্থদের সহযোগিতায় তার সেই খরা কাটানোর সুযোগ থাকে। আমার মূল কাজ খেলোয়াড়দের সেরাটা বের করে আনা, তবে সিদ্ধান্ত নেওয়ার বেলায় দলই আমার শেষ কথা।”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ খেলে ভিনিসিয়ুসের ঝুলিতে জমা পড়েছে মাত্র ১টি গোল। এমনকি গত বুধবারে চ্যাম্পিয়নস লিগে এইকে এথেন্সের বিপক্ষে একাদশে ফিরলেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ২-২ সমতার পর তাকে মাঠ থেকে তুলে নেন মরিনহো; যার স্থলাভিষিক্ত হয়ে ফেদেরিকো ভালভার্দে যোগ করা সময়ে গোল করে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন।

আজ ভ্যালেন্সিয়াকে হারাতে পারলে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনাকে স্পর্শ করবে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয়ের লক্ষ্যে নামতে যাওয়া দলটিতে ভিনিসিয়ুস ছাড়াও চোটের কারণে থাকছেন না রদ্রিগো, রাউল আসেনসিও ও ফেরলাঁ মেন্দি।