Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

কোকেন সেবনে এক মাস নিষিদ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে শিরোপা জয়ের দিনেই ডোপ টেস্টে উঠে এসেছিল নিষিদ্ধ পদার্থের সন্ধান। অস্ট্রেলিয়ান পাওয়ার হিটার ব্যাটার ক্রিস লিনের শরীরে কোকেনের বিপাকজাত উপাদান বেনজোইলেকগোনিন ধরা পড়ে। সেই ঘটনায় দেওয়া এক মাসের নিষেধাজ্ঞা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তবে খবরটি প্রকাশ্যে এসেছে শুক্রবার (৬ নভেম্বর)।

নর্দাম্পটনশায়ার স্টিলব্যাকসের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাতে খেলছিলেন এই ব্যাটার। গত ১৮ জুলাই টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালস ডেতে সেমিফাইনালে ৩৯ ও ফাইনালে ৪ রান করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি। সেদিনই নিয়মিত অ্যান্টি-ডোপিং পরীক্ষায় তার নমুনা নেওয়া হয়। পরে ফ্রান্সের ল্যাবে পরীক্ষায় কোকেনের মেটাবোলাইট পাওয়া যায়।

৩১ জুলাই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি স্বীকার করেন, ১৫ জুলাই সন্ধ্যা থেকে ১৬ জুলাই ভোরের মধ্যে কোকেন সেবন করেছিলেন। তবে দাবি করেন, ঘটনাটি প্রতিযোগিতার বাইরে ঘটেছে এবং খেলার পারফরম্যান্সের সঙ্গে এর কোনো যোগ নেই। নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞও এই মত সমর্থন করেন।

ইংল্যান্ডের ক্রিকেট রেগুলেটর শুরুতে তিন মাসের শাস্তির কথা ভেবেছিল। কিন্তু লিন পদার্থের অপব্যবহার সংক্রান্ত পুনর্বাসন কর্মসূচি শেষ করায় শাস্তি কমিয়ে এক মাস করা হয়। ৩০ আগস্ট কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞার মেয়াদও শেষ হয়।

অস্ট্রেলিয়ার হয়ে চারটি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটার বিগ ব্যাশ লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। নিষেধাজ্ঞার পর থেকে পেশাদার ক্রিকেটে আর মাঠে নামেননি তিনি। আসন্ন বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।