Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

এভাবে রোনালদোকে বিদায় নিতে দেবে না পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

পর্তুগালের সাত নম্বর জার্সি এখন আর তাঁর কাঁধে থাকবে না। ২৩ বছর ধরে দেশের হয়ে লড়াই করা ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী ভিডিও দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের কথা জানিয়েছেন। কিন্তু পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এই বিদায়কে শুধু অনলাইনে সীমাবদ্ধ রাখতে রাজি নয়। তারা চায় সমর্থকদের সামনে একটা বিশেষ সংবর্ধনা, যেখানে দেশের মানুষ আর একবার তাঁদের চিরকালের অধিনায়ককে সম্মান জানাতে পারবে।

রোনালদো ২০০৩ সালে কাজাখস্তানের বিপক্ষে অভিষেক করেছিলেন। এরপর ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের বিশ্বরেকর্ড গড়েছেন। তাঁর নেতৃত্বে পর্তুগাল ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালে নেশন্স লিগ জিতেছে। বিশ্বকাপের ট্রফি অবশ্য অধরাই থেকে গেছে। চলতি বছরের বিশ্বকাপে শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে দল বিদায় নেয়।

এফপিএফের বিবৃতিতে তাঁকে ‘চিরকালের অধিনায়ক’ বলে উল্লেখ করা হয়েছে। সংস্থা বলছে, রোনালদো শুধু খেলোয়াড় নন, পর্তুগালের চেতনা ও পরিচয়ের প্রতীক। তাঁর নেতৃত্ব, লড়াই আর দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ফেডারেশন স্পষ্ট করেছে, এমন একজন কিংবদন্তিকে যথাযথ সম্মান ছাড়া বিদায় দিতে তারা রাজি নয়। তারা বিশেষ বিদায়ী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে, যদিও সময়-স্থান বা এটি ম্যাচ হবে কি না এখনো জানানো হয়নি।

ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সা ব্যক্তিগতভাবেও শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, রোনালদো পর্তুগালের জন্য একজন ফুটবলারের চেয়ে অনেক বেশি নেতা, আদর্শ এবং জাতীয় বীর। দেশের পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে তাঁর অবদান স্মরণীয় থাকবে। প্রোয়েন্সা আরও জানিয়েছেন, এফপিএফের দরজা তাঁর জন্য সবসময় খোলা থাকবে।

সাম্প্রতিক সময়ে কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধ এবং ক্যাম্প ছাড়ার ঘটনার পর তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর সাত নম্বর জার্সি তুলে রাখার পরিকল্পনা তাঁর। ডেনমার্ক বা ওয়েলসের ম্যাচে তিনি নামবেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

ক্লাব ক্যারিয়ার অবশ্য চলবে। আল নাসেরের হয়ে খেলে ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য এখনো আছে। এফপিএফও সেই লক্ষ্য পূরণের শুভকামনা জানিয়েছে। বিবৃতির শেষে তারা লিখেছে, “সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! এটি সবসময় তোমার ঘর হয়ে থাকবে। এবার এক হাজার গোলের পথে এগিয়ে যাও!”