Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

চা বিরতির আগে জাঙ্গু-উইকহ্যামের প্রতিরোধ ভাঙলেন হাসান

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

মিরপুর টেস্টের প্রথম দিনে শুরুর ধাক্কা দারুণভাবে সামলে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দাপুটে বোলিংয়ে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ক্যারিবীয়রা। তবে দলকে বিপদ থেকে উদ্ধার করেন কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। দুজনের দুর্দান্ত জুটির ওপর ভর করে চা বিরতির আগে ৪ উইকেটে ১৮০ রান সংগ্রহ করেছে।

সকালের সেশনে দ্রুত ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন উইকহ্যাম ও জাঙ্গু। এই দুজনে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তুলেন এবং স্কোরবোর্ডে যোগ করেন গুরুত্বপূর্ণ ১৩১ রান। দুর্দান্ত ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন আমির জাঙ্গু। ব্যক্তিগত অর্ধশতকের পর দারুণ এগোচ্ছিলেন কেভিন উইকহ্যামও (৬১ রান, ১১৪ বল, ৫ চার)। তবে দলীয় ১৫৮ রানের মাথায় হাসান মাহমুদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

চা বিরতির ঠিক আগমুহূর্ত পর্যন্ত আর কোনো বিপদ ঘটতে দেননি আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। দুর্দান্ত ব্যাটিং করে জাঙ্গু ৭৬ রান নিয়ে (১২৪ বল, ৭ চার) এবং গ্রিভস ১৬ রান নিয়ে উইকেটে অপরাজিত আছেন।

বাংলাদেশের পক্ষে পেসাররা সফলতার দেখা পেলেও স্পিনাররা উইকেটের জন্য সংগ্রাম করছেন। তাসকিন আহমেদ ৫২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এছাড়া হাসান মাহমুদ ৫৮ রান দিয়ে নিয়েছেন অপর ২ উইকেট। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসানরা আঁটসাঁট বোলিং করলেও এখন পর্যন্ত কোনো উইকেট পাননি।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন, চা বিরতি পর্যন্ত):

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৮০/৪ (৫৫ ওভার) - (জাঙ্গু ৭৬*, উইকহ্যাম ৬১, গ্রিভস ১৬*; তাসকিন ২/৫২, হাসান ২/৫৮)।