Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ব্রাজিল ফুটবলে তুলকালাম কান্ড: এক ম্যাচেই ৫১ লাল কার্ড

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম

ফুটবল মাঠে খেলোয়াড়দের হাতাহাতি বা মারামারির ঘটনা নতুন কিছু নয়, তবে ব্রাজিলের একটি যুব ফুটবল ম্যাচে যা ঘটেছে তা রীতিমতো নজিরবিহীন। দুই দলের মধ্যকার রক্তক্ষয়ী এক মারামারির জেরে রেফারি এক ম্যাচেই মোট ৫১টি লাল কার্ড দেখিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলে অনূর্ধ্ব-২০ পর্যায়ের একটি ম্যাচ চলাকালে, যেখানে মুখোমুখি হয়েছিল উবেরলান্দিয়া এবং মামোরে ক্লাব।

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটি বেশ শান্ত ও নিয়মেই চলছিল। তবে ম্যাচের একেবারে শেষ দিকে মামোরে দল গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরই ঘটে বিপত্তি। গোল করার পর মামোরের ফুটবলার দাভি ফের্নান্দেস বিতেনচৌর্ত সোজা উবেরলান্দিয়ার ডাগআউটের দিকে দৌড়ে যান এবং প্রতিপক্ষকে লক্ষ্য করে উসকানিমূলক অঙ্গভঙ্গি ও কটূক্তি করেন।

আর তাতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হওয়া কথা কাটাকাটি দ্রুতই তুমুল মারামারিতে রূপ নেয়।

images_(27)

সংঘর্ষে কেবল খেলোয়াড়রাই নন, দুই দলের কোচিং স্টাফ এবং অন্যান্য কর্মকর্তারাও জড়িয়ে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মাঠে চেয়ার এবং স্ট্রেচার ছোঁড়াছুড়ির মতো অপ্রীতিকর ঘটনাও ঘটে। পরিস্থিতি শান্ত করতে শেষ পর্যন্ত স্থানীয় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

ম্যাচ রেফারি ফের্নান্দো মোদেস্তো সহিংসতায় জড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। তিনি খেলোয়াড়দের ৪৩টি এবং কোচিং স্টাফদের ৮ জন মিলিয়ে মোট ৫১টি লাল কার্ড দেখান।

এই ঘটনার মধ্য দিয়ে ভেঙে গেল এর আগের সর্বোচ্চ লাল কার্ডের বিশ্বরেকর্ড। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পঞ্চম ডিভিশনের এক ম্যাচে আটলান্তিকো ক্লাইপোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের মধ্যকার ম্যাচে মোট ৩৬টি লাল কার্ড দেখানো হয়েছিল, যা এতদিন পর্যন্ত বিশ্বরেকর্ড হিসেবে টিকে ছিল। এবার সেই রেকর্ড ভেঙে ফুটবল ইতিহাসের পাতায় নতুন এক লজ্জার ও অবিশ্বাস্য অধ্যায় যোগ হলো।