স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
রেকর্ড বই নিজের মতো করে নতুনভাবে লেখাই যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এবার সেই রেকর্ডের ঝুলিতে যুক্ত হলো আরেক পরম আরাধ্য অর্জন- কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে রান তাড়ায় সর্বোচ্চ রানের মালিক এখন ভারতের ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলি।
বুধবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিং তান্ডব চালিয়ে এই ইতিহাস গড়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। মাইলফলক স্পর্শ করার দিনটিকে স্মরণীয় করে রাখতে ৫১ বলে ১৩টি চার ও ১টি ছক্কায় ১৪৫.১০ স্ট্রাইক রেটে ৭৪ রানের এক দুর্দান্ত ঝড়ো ইনিংস খেলেন তিনি।
ওয়ানডেতে রান তাড়া করতে নেমে ১৬৯ ইনিংসে ৬৬.২১ অবিশ্বাস্য গড়ে এখন কোহলির মোট সংগ্রহ ৮,৭৪১ রান। যা শচীন টেন্ডুলকারের ২৪২ ইনিংসে করা ৮,৭২০ রানের রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে। রান তাড়া করতে নেমে যেখানে শচীনের সেঞ্চুরি ১৭টি এবং ফিফটি ৫২টি, সেখানে কোহলির ঝুলিতে জমা পড়েছে ৩০টি সেঞ্চুরি এবং ৪৬টি ফিফটি।
রান তাড়া করে জেতা ম্যাচগুলোতে কোহলির পরিসংখ্যান আরও বেশি অবিশ্বাস্য! দল জিতেছে এমন সব রান তাড়ার ম্যাচে ১০৮ ইনিংসে ৮৯.৯৫ গড়ে ৬,৪৭৭ রান করেছেন কোহলি। যেখানে তাঁর ২৫টি সেঞ্চুরি এবং ৩০টি হাফ সেঞ্চুরি রয়েছে। সফল রান তাড়ায় তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত রান ১৮৩।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের বিচারে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলেছেন এই অভিজ্ঞ ব্যাটার। কিউইদের বিপক্ষে দুজনেরই সংগ্রহ এখন সমান ১,৯৭১ রান। তবে পন্টিং যেখানে ৫০ ইনিংসে ৪৫.৮৩ গড়ে এই রান করেছিলেন, সেখানে কোহলি মাত্র ৩৭ ইনিংসে ৫৭.৯৭ গড়ে পন্টিংকে স্পর্শ করেছেন।
একই ম্যাচে ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে তিন নম্বর ব্যাটিং পজিশনে ১৩,০০০ রানের গণ্ডি অতিক্রমের অভূতপূর্ব মাইলফলকও অর্জন করেন কোহলি। ৩ নম্বরে ২৫১ ইনিংসে ৬১.৬১ গড়ে তাঁর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৩,০৬২ রান, যার মধ্যে রয়েছে ৪৮টি শতক এবং ৭০টি অর্ধশতক।
চলতি বছর জুড়ে কোহলি তাঁর স্বপ্নের মতো ফর্ম বজায় রেখেছেন। এই বছরে এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে ১২০.৬১ স্ট্রাইক রেটে ও ৬৯.৫৫ গড়ে তিনি ৬২৬ রান সংগ্রহ করেছেন। যেখানে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরির পাশাপাশি তাঁর সর্বোচ্চ অপরাজিত ১৩৯ রানের ইনিংস রয়েছে।