স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে স্পিনার তাইজুল ইসলামের অফ-ফর্ম নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স।
শেষ চার টেস্টে তাইজুল পেয়েছেন মাত্র পাঁচটি উইকেট। অভিজ্ঞ এই স্পিনারের এমন পারফর্ম্যান্সের কারণে একাদশে তাঁর স্থান নিয়ে প্রশ্ন উঠে গেছে। বুধবারের এক সংবাদ সম্মেলনে ফিল সিমন্স অকপটে স্বীকার করেন যে, মূল স্পিনারের উইকেট না পাওয়াটা দলের জন্য বড় চিন্তার কারণ।
সিমন্স বলেন, "এটি অত্যন্ত চিন্তার বিষয়, কারণ সে আমাদের দলের অন্যতম প্রধান স্পিনার। তাই বিষয়টি নিয়ে দুশ্চিন্তা থাকাটা স্বাভাবিক। আমি নিশ্চিত যে বিষয়টি নিয়ে সে নিজেও চিন্তিত। তার সাথে আলোচনার সময়েও দেখা গেছে যে সে নিজেও বেশ ব্যাকফুটে রয়েছে, কারণ সে এই দলের সেরা এক অস্ত্র।"
স্কোয়াডে থাকা একমাত্র স্পেশালিস্ট বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তাঁর অফ-ফর্মের কারণে সিলেটে কেবল ডানহাতি স্পিনারদের নিয়ে একাদশ গড়ার চিন্তা করা হচ্ছে কি না, এমন প্রশ্নে সিমন্স সেই সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি জানান, টিম কম্বিনেশন তৈরির সময় বিষয়টি গুরুত্ব সহকারে ভাবা হবে।
আমিরাত সফরের সময় তাইজুলের কাঁধের চোটের একটি খবর সামনে আসলেও অনুশীলনে তা তাঁর বোলিংয়ে কোনো প্রভাব ফেলছে না বলে জানান কোচ। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশের স্পিনাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হলেও এবং সফরকারী ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান ও রোস্টন চেজ দুর্দান্ত বল করে দলকে ৮ উইকেটের জয় এনে দিলেও, স্পিন আক্রমণকে এখনো দলের বড় শক্তি বলে মনে করেন সিমন্স।
তিনি বলেন, "আমরা ভালো বোলিং করতে পারিনি এবং বিষয়টি আমরা স্বীকার করি। তবে এমনটা সবসময় ঘটে না। আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হলেও স্পিনাররা আমাদের মূল শক্তির বড় অংশ।"
মিরপুরে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজ সমতায় শেষ করতে হলে সিলেট টেস্টে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। অনুশীলনের পর প্রধান নির্বাচকদের সঙ্গে আলোচনা করে বুধবার বিকেলেই একাদশের চূড়ান্ত কম্বিনেশন ঠিক করা হবে বলে জানান সিমন্স।