Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আইপিএল খেলবেন কি না জানালেন মোহাম্মদ আমির

স্পোর্টস ডেস্ক

০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

সম্প্রতি ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করায় জল্পনা তৈরি হয়েছিল যে, আমির হয়তো আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন। উল্লেখ্য, রাজনৈতিক ও অন্যান্য কারণে ২০০৮ সালের উদ্বোধনী আসরের পর থেকে পাকিস্তান বা দেশটির কোনো ক্রিকেটারকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয় না। 

তবে অতীতে পাকিস্তানি বংশোদ্ভূত আজহার মাহমুদ ব্রিটিশ পাসপোর্টের সুবাদে আইপিএলে খেলেছিলেন। আমির ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় তাঁর পক্ষেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে নিবন্ধনের সুযোগ ছিল, যেহেতু ইংল্যান্ডে তিনি এখন স্থানীয় ক্রিকেটারের মর্যাদাপ্রাপ্ত।

আসন্ন আইপিএল নিলামে নাম লেখানোর কোনো ইচ্ছাই নেই পাকিস্তানের সাবেক বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক বার্তায় ৩৩ বছর বয়সী এই পেসার নিশ্চিত করেছেন যে, বিশ্বের সবচেয়ে ধনী ও জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগের নিলামে তিনি দল পাওয়ার জন্য লড়বেন না। আগামী ১৬ ডিসেম্বর আইপিএল ২০২৭-এর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুবাই থেকে পাঠানো এক বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৯ ম্যাচ (৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি) খেলা আমির স্পষ্ট জানিয়ে দেন, "না, আমি (নিলামের জন্য) নিবন্ধন করছি না।"

গত সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, আইপিএল নিলামে অংশ নিতে ইচ্ছুক বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের মাধ্যমে নিবন্ধন করতে হবে, যার শেষ সময় নির্ধারিত রয়েছে আগামী ২৩ নভেম্বর। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আমির নিজেই জানিয়ে দিলেন যে, তিনি এই পথে হাঁটছেন না।