স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
মাটিতে পা রেখে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ১৭ বছরের খরা কাটাতে বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে মাঠে নামছে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী হলেও, ওয়ানডে ক্রিকেটের লড়াইটা যে সম্পূর্ণ আলাদা এবং কঠিন এক পরীক্ষা, তা ভালোভাবেই জানেন শুভমান গিলরা।
ইডেন পার্কের ছোট সীমানা এবং ব্যাটিং-সহায়ক উইকেটে রান তাড়া করার প্রবণতা বেশ স্পষ্ট। এখানকার ৮৬টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৪৭টিতেই জিতেছে রান তাড়া করা দল। যে কারণে টস জিতলে অধিনায়করা সাধারণত ফিল্ডিং বেছে নিতে পছন্দ করেন। এই কন্ডিশন ও ম্যাচের গুরুত্ব বিবেচনা করে ভারতের একাদশে নামান ধীর বা ইশান কিশানের মতো তরুণদের জায়গা পাওয়া কঠিন হতে পারে।
দলের ব্যাটিং গভীরতা বাড়াতে মিডল অর্ডারে বড় ভূমিকা পালন করবেন নীতীশ কুমার রেড্ডি ও অক্ষর প্যাটেল, যারা ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ওভার বের করে দিতে সক্ষম। ইনিংসের গোড়াপত্তন করতে নামবেন অধিনায়ক শুভমান গিল ও রোহিত শর্মা। এরপর তিন নম্বরে যথারীতি থাকছেন বিরাট কোহলি, আর মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ারের পর উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল।
প্রধান পেসার জাসপ্রিত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণার অনুপস্থিতিতে পেস বিভাগ কিছুটা পরীক্ষামূলকভাবে সাজাতে হচ্ছে ভারতকে। মোহাম্মদ সিরাজের ফিটনেস নিয়ে সংশয় থাকায় তাঁর বিকল্প হিসেবে একাদশে অর্শদীপ সিংয়ের সঙ্গে গুরনূর ব্রার বা আনশুল কাম্বোজের মধ্য থেকে দুজনকে দেখা যেতে পারে। অন্যদিকে, স্পিন বিভাগের মূল দায়িত্ব থাকবে অভিজ্ঞ কুলদীপ যাদব এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের কাঁধে। টি-টোয়েন্টি সিরিজে সুযোগ না পেলেও ওয়ানডেতে দুইশ উইকেটের মালিক কুলদীপ ভারতের ট্রাম্প কার্ড হতে পারেন।
কিউই শিবিরও অবশ্য পুরোপুরি ফিট দল পাচ্ছে না; রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান চোটের কারণে পুরো সিরিজেই অনুপস্থিত, আর প্রথম ম্যাচে পাওয়া যাবে না ডেভন কনওয়েকেও। অন্যদিকে, এই সিরিজে ব্যক্তিগত রেকর্ডের হাতছানি রয়েছে দুই ভারতীয় তারকার সামনে। ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মার ছক্কার সংখ্যা ৩৮১টি, ৪০০ ছক্কা পূর্ণ করতে তাঁর প্রয়োজন আর ১৯টি। পাশাপাশি ৫০ বা তার বেশি রানের ইনিংসের দিক থেকেও তিনি ১০০ ছোঁয়ার দ্বারপ্রান্তে (বর্তমান সংখ্যা ৯৮)। অন্যদিকে, সেনা দেশগুলোতে ম্যাচ সেরা হওয়ার গৌরবময় তালিকায় কপিল দেব, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার পাশে কেবল নিউজিল্যান্ডের মাটিতে নাম লেখানো বাকি বিরাট কোহলির।