স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
দুবাইয়ে মঙ্গলবার বসতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার্স ড্রাফট। সেখানে নাম লিখিয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। তবে তার নামের পাশে জাতীয়তা লেখা হয়েছে ‘যুক্তরাজ্য’। ইংল্যান্ডে বসবাসকারী ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার আগেই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। বসবাসের দেশ হিসেবে পাকিস্তানের নাম রাখা হলেও ড্রাফট তালিকায় তিনি যুক্তরাজ্যের নাগরিক হিসেবেই নিবন্ধিত।
প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই পেসার। ব্রিটিশ নাগরিক হিসেবে নাম তোলায় এপিএলে খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র বা এনওসি নেওয়ার ঝামেলা তাকে পোহাতে হচ্ছে না।
অন্যদিকে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার জেরে পাকিস্তানি ক্রিকেটারদের এপিএলে খেলার অনুমতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফাখার জামান, সাইম আইয়ুব, হাসান আলী, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমসহ ৩০ জনেরও বেশি পাকিস্তানি ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছেন। কিন্তু পিসিবি তাদের এনওসি দেওয়ার ব্যাপারে ইতিবাচক নয় বলে জানিয়েছেন বোর্ডের এক মুখপাত্র। ক্রিকবাজকে তিনি স্পষ্ট করে বলেছেন, অনুমতি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছে, পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ পুরোপুরি পিসিবির এনওসির ওপর নির্ভর করবে।
ড্রাফটের সংক্ষিপ্ত তালিকায় ভারতের সাবেক দুই ক্রিকেটার বিজয় শঙ্কর ও শ্রীকর ভরত এবং লেগ স্পিনার মুরুগান অশ্বিনও আছেন। তারা গোল্ড ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। ভরত সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা হিসেবে নিবন্ধিত। তালিকায় আরও রয়েছেন উন্মুক্ত চাঁদ (যুক্তরাষ্ট্র), অয়ন খান (ওমান) ও রাহুল চোপড়াসহ ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন ক্রিকেটার। মোট ৪৬২ জন খেলোয়াড়ের নাম রয়েছে এই তালিকায়।
ব্রিটিশ পাসপোর্ট থাকায় আইপিএলের আগামী নিলামেও আমিরের নাম আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। এর আগে আজহার মাহমুদও ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলেছিলেন। আমির সেই পথ অনুসরণ করেন কি না, তা সময়ই বলে দেবে।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলা আমির সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন। চলতি বছরের শেষভাগে এপিএল শুরু হওয়ার কথা।