Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

‘সিলেটে যত বড় চ্যালেঞ্জই আসুক, আমরা প্রস্তুত’

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

মিরপুরে একতরফা জয়ের পর এবার সিলেটের দিকে তাকিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে একদিন হাতে রেখেই বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। এখন দ্বিতীয় টেস্টেও একই মানসিকতা ধরে রাখার কথা বলছেন কোচ ড্যারেন স্যামি।

আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট। স্যামি জানিয়েছেন, দল সেখানেও একই আগ্রাসী ও লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামবে। তবে তিনি স্বীকার করেছেন, কাজটা মোটেও সহজ হবে না।

ঘরের মাঠে সিরিজ হারতে চাইবে না বাংলাদেশ। আর বাংলাদেশের কোচ ফিল সিমন্স নিজেই ওয়েস্ট ইন্ডিয়ান। স্বদেশি হওয়ায় স্যামি ও সিমন্স একে অপরকে ভালোভাবে চেনেন। এ প্রসঙ্গে স্যামি বলেন, ‘ফিলকে আমি যতটুকু চিনি, তিনি কাজটা সহজ হতে দেবেন না। ওরাও জিততে চাইবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের নিজস্ব কিছু লক্ষ্য আছে।’

তবু যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। স্যামি বলেন, ‘ছেলেদের মধ্যে যে ক্ষুধা, একাগ্রতা আর পরিশ্রমের মানসিকতা দেখছি, তাতে সিলেটে যত বড় চ্যালেঞ্জই আসুক, আমরা প্রস্তুত। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়, সেটা জেনেই আমরা অ্যাওয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’

বাংলাদেশের আবহাওয়া ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে চেন্নাইয়ের প্রস্তুতি ক্যাম্প বেশ কাজে লেগেছে বলে মনে করেন স্যামি। তিনি জানান, ‘সবচেয়ে স্বস্তির বিষয় ছিল আমাদের লড়াই করার মানসিকতা। এর পেছনে চেন্নাই ক্যাম্পের অবদান অনেক। ব্যাটারদের নিয়ে যে কাজ হয়েছে, তার প্রতিফলন মাঠে দেখা গেছে। আমাদের স্পিনাররা প্রতিপক্ষের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে এবং ব্যাটাররাও স্পিন ভালোভাবে সামলেছে।’