স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
রক্ষণভাগের একের পর এক তারকার ইনজুরিতে পড়ে কপাল পুড়েছে বার্সেলোনার। বার্সা কোচ হান্সি ফ্লিকের হাতে এখন সেন্ট্রাল ব্যাক পজিশনে ভরসা করার মতো খেলোয়াড় প্রায় নেই বললেই চলে। এই জরুরি অবস্থা সামাল দিতে এবার শীতকালীন দলবদলকে পাখির চোখ করেছে কাতালান ক্লাবটি। আর এই সংকটময় মুহূর্তে তাদের চোখ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের ওপর। সব মিলিয়ে ওল্ড ট্রাফোর্ডের অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে মার্তিনেসকে ক্যাম্প ন্যুতে নিয়ে আসার এক সুবর্ণ সুযোগ দেখছে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো।
তবে দলবদলের এই সম্ভাবনা বাস্তবে রূপ নেওয়া অনেকটাই নির্ভর করছে বার্সার আর্থিক কাঠামোর ওপর। উয়েফা ও লা লিগার কঠোর ফাইনান্সিয়াল ফেয়ার প্লে নীতি মেনে মার্তিনেসকে সস্তায় কেনা সম্ভব হলেই কেবল এই চুক্তি এগোবে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘দি অ্যাথলেটিক’-এর ম্যানচেস্টার ইউনাইটেড বিশেষজ্ঞ লরি হুইটওয়েলও স্প্যানিশ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, বার্সেলোনার আগ্রহ যথেষ্ট আন্তরিক হলেও মূল চাবিকাঠি থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডের শর্ত ও দরদামের ওপর।
মূলত চলতি মৌসুমে রক্ষণভাগে এরিক গার্সিয়া, জুলস কুন্দে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও পাউ কুবার্সির মতো গুরুত্বপূর্ণ সব ডিফেন্ডার চোটে পড়ায় চরম বিপাকে পড়েছেন হান্সি ফ্লিক। গত গ্রীষ্মে ডেকো একজন নতুন ডিফেন্ডার আনার প্রয়োজন মনে না করলেও, বর্তমান পরিস্থিতি সেই ভাবনায় বদল আনতে বাধ্য করেছে।
এদিকে ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ২০২৭ সালের জুন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডের চুক্তিতে থাকলেও ইংলিশ ক্লাবটিতে তার সময়টা খুব একটা সুখে কাটছে না। মাঠের অফ-ফর্ম, সমসাময়িক ক্লাবের দলবদল নীতি নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করা এবং চেলসির বিরুদ্ধে ম্যাচে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার মতো ঘটনায় তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।
জানুয়ারির এই ট্রান্সফার উইন্ডো উভয় ক্লাবের জন্যই সুবিধাজনক হতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড মার্তিনেসের চুক্তির মেয়াদ এক বছরের কাছাকাছি নেমে আসার আগেই ভালো দামে তাকে বিক্রি করতে চাইবে। অন্যদিকে বার্সেলোনা চায় এই সংকটকে কাজে লাগিয়ে কম খরচে একজন আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ডিফেন্ডারকে নিজেদের স্কোয়াডে যুক্ত করতে।