স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
মারুফা আক্তার ছাড়াই নিউজিল্যান্ডে যেতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। দলের পেস আক্রমণের অন্যতম প্রধান ভরসা এই তরুণ বোলার গোড়ালির সমস্যার কারণে আসন্ন সাদা বলের সিরিজ মিস করতে চলেছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ৪ ডিসেম্বর ঢাকা ছাড়বে দল। কিন্তু মারুফা এখন চার সপ্তাহের বিশ্রামে আছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি হাঁটাচলা শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মারুফাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। তিনি বলেন, “নিউজিল্যান্ড সফরে তিনি খেলতে পারবেন না। আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হওয়ায় তাঁকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসাটাই নিশ্চিত করতে হবে।”
ওই কর্মকর্তা আরও জানান, মারুফার গোড়ালির ব্যথা আবার ফিরে এসেছে। বোর্ড চায় না যে একই সমস্যা বারবার দেখা দিক। তাই প্রয়োজনমতো সময় দিয়ে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরবর্তী সময়ে কোনো অস্বস্তি ছাড়াই তিনি বোলিং করতে পারেন। পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করাও কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
ক্রিকবাজের তথ্য অনুসারে, অস্ট্রেলিয়া সফরের আগে মারুফাকে ইনজেকশন দেওয়া হয়েছিল। সেটি প্রত্যাশিত ফল দেয়নি। ফলে সফরের শেষ ম্যাচে তাঁকে বিশ্রামে রাখা হয়। এবার চোট পুরোপুরি সারিয়ে তোলার জন্যই দীর্ঘ বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।